বাড়তি বাসভাড়া আদায় কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার সময় হানিফ পরিবহন ও আরা পরিবহন প্রাইভেট লিমিটেডের বাড়তি বাসভাড়া আদায় করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাড়তি ভাড়া আদায় নিয়ে জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, বিআরটিসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক ও পরিবহন দুটির ব্যবস্থাপনা পরিচালককে ২০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোশতাক আহমেদ রিটটি দায়ের ও শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।গাজী মোশতাক আহমেদ জানান, রুল জারির পাশাপাশি আদালত উপসচিব পদমর্যাদার ব্যক্তি নিয়ে একটি কমিটি গঠন করে এ বাড়তি বাসভাড়া আদায়ের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।রিট আবেদনে জানা যায়, ঈদের আগে পরিবহন মালিকেরা যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করেন। সাধারণ সময়ে ঢাকা থেকে আরিচা হয়ে খুলনার ভাড়া জনপ্রতি ৩২০ টাকা নেওয়া হয়। কিন্তু গত ঈদুল আজহার আগে ১১ নভেম্বর হানিফ পরিবহন এ রুটে যাত্রার জন্য ৪২০ টাকা ভাড়া আদায় করে। একইভাবে ২৭ নভেম্বর পিরোজপুর থেকে মাওয়া হয়ে ঢাকায় আসার সময় আরা পরিবহন জনপ্রতি ৩৫০ টাকা ভাড়া আদায় করে।