বাড়তি ভর্তি ফির তথ্য না দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য অধিকার আইন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গত বছরের ভর্তি-বাণিজ্যের তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে পায়নি বলে অভিযোগ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। এ বিষয়ে ফোরাম ক্ষোভ প্রকাশ করেছে এবং তথ্য কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে। গতকাল রোববার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ শিক্ষাবর্ষে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়সংক্রান্ত তদন্ত প্রতিবেদন এবং এর আলোকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার নথিপত্র ও সমুদয় তথ্য দেওয়ার জন্য গত ৮ ডিসেম্বর ফোরামের সভাপতি জিয়াউল কবির শিক্ষাসচিবের কাছে আবেদন করেন। তথ্য অধিকার আইন অনুযায়ী ১০ কর্মদিবসের মধ্যে তথ্য দেওয়ার কথা থাকলেও আবেদন করার পর দেড় মাস হয়ে গেছে। তার পরও মন্ত্রণালয় তথ্য সরবরাহ না করায় ফোরাম ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে।