চিকিৎসা কার্যক্রমে অতিরিক্ত মনোযোগ না দিলে মানসম্মত চিকিৎসা ও কাঙ্ক্ষিত সেবা দুটোর কোনোটাই অর্জন করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা খুবই জরুরি।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘চিকিৎসা শিক্ষা: বর্তমান প্রেক্ষিত ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। ভালোমানের চিকিৎসক পেতে হলে মানসম্মত চিকিৎসা প্রতিষ্ঠানের বিকল্প নেই। আমরা চাই সৎ ও মেধাবী শিক্ষক, যুগোপযোগী শিক্ষা কার্যক্রম, বাণিজ্য ও লুটপাটের সংস্কৃতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ধারাবাহিক পদক্ষেপের মধ্য দিয়ে রূপকল্প-২০২১ অর্জন সম্ভব বলে আমরা বিশ্বাস করি।সংগঠনের সহসভাপতি এম আবু সাঈদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব, বারডেমের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান শুভাগত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন মো. ইসমাইল খান, ঢাকা শিশু হাসপাতালের রুহুল আমিন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আখতার প্রমুখ। এতে মূল প্রবন্ধ পড়েন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক এ বি এম জামাল। বিজ্ঞপ্তি।