বাড়ি গিয়ে বিনা মূল্যে ওষুধ-স্বাস্থ্যসেবা দেবে ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মূল্যে ওষুধ ও স্বাস্থ্য সেবা চালুর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগর ভবন, ঢাকা, ০১ আগস্ট। ছবি: মুসা আহমেদ
জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মূল্যে ওষুধ ও স্বাস্থ্য সেবা চালুর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগর ভবন, ঢাকা, ০১ আগস্ট। ছবি: মুসা আহমেদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আজ বুধবার থেকে বিনা মূল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। ডিএসসিসির হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) ফোন দিয়ে বাসা-বাড়িতে বসে এই সেবা পাবেন নাগরিকেরা। প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

আজ বুধবার দুপুরে ডিএসসিসির নগর ভবনের ব্যাংক ফ্লোরে জাতীয় শোক দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী ‘বঙ্গবন্ধু প্রাথমিক স্বাস্থ্য সেবা’ নামে এই কর্মসূচি চালু করেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে গত বছরও একই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। করপোরেশনের পক্ষ থেকে গৃহীত এ কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছিল। তাই এবারও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথাগতভাবে আলোচনা অনুষ্ঠান, স্মরণসভা, রক্তদান অনুষ্ঠানের পরিবর্তে নাগরিকদের সেবাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটিই বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করার সর্বোত্তম পন্থা।

ডিএসসিসি মেয়র বলেন, এই কর্মসূচির আওতায় একজন প্রধান সমন্বয়কারী থাকবেন। তাঁর অধীনে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে পাঁচজন সমন্বয়ক থাকবেন। তাঁদের অধীনে আবার ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে তিনজন করে সাবঅ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) নিয়োজিত থাকবে।

এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ‌ুমায়ূন কবির ও ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব আহমেদ মন্নাফী বক্তব্য দেন। এ সময় অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।