পুরান ঢাকার গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী সুমন কর্মকারের জ্ঞান গতকাল রাতেও ফেরেনি। সুমনের পরিবারের দাবি, বাড়ি নিয়ে বিরোধের জের ধরে স্বর্ণের দোকানে লুট ও গুলির ঘটনা ঘটেছে।গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সুমনের বাবা রতন কর্মকার প্রথম আলোকে জানান, ২০০১ সালে তিনি ৭১ গোয়ালনগরের বাড়িটি আবদুল হাইয়ের কাছ থেকে ১০ লাখ টাকায় কেনেন। ওই বাড়ির নিচে তাঁর স্বর্ণের দোকান। ওই বাড়ি কেনার পর থেকে ওই বাড়ির এক সদস্যের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে তিন-চারটি মামলাও হয়েছে। প্রতিটি মামলায় তিনি রায় পেয়েছেন বলে দাবি করেন। তিনি দাবি করেছেন, প্রতিপক্ষের দায়ের করা একটি মামলা গত রোববার আদালত খারিজ করেন। এই ক্ষোভে প্রতিপক্ষ তাঁর দোকানে হামলা ও ছেলেকে গুলি করেছে। এ অভিযোগে তিনি আবদুল হাইয়ের ছেলে রফিকসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, বাড়ি দখল করতে ব্যর্থ হওয়ায় রতনের দোকানে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকালের হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া রতন কর্মকার জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে আরেকটি মামলা করেছেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।উল্লেখ্য, গত রোববার দুপুর দুইটার দিকে আট-দশজন দুর্বৃত্ত ‘মেসার্স রতন স্বর্ণ বিতান’ নামের প্রতিষ্ঠানে ঢুকে দোকানের মালিক সুমন কর্মকার ও কর্মচারী দয়াল কর্মকারকে গুলি করে। দুর্বৃত্তরা দোকান থেকে পাঁচ ভরি ওজনের অলংকার নিয়ে চলে যায়।