বাড়ি ভাঙচুর করে মালামাল লুট, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার টিনের চালার দুইটি বাড়িতে ভাঙচুর চালিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে আলমগীর হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে শতাধিক লোক রামদা, শাবল, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিরপুর বড়বাগ এলাকার বসতি হাউজিংয়ে ওই দুইটি বাড়িতে ভাঙচুর চালান। পরে তাঁরা ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করেন। বাধা দিতে গেলে ওই ছয়জনকে দুর্বৃত্তরা মারধর করেন। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। আহত ওয়াহিদ মাসুদ অভিযোগ করেন, তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার প্রকৌশলী। ২০০১ সালে তিনি বসতি হাউজিংয়ে জমি কিনে বাড়ি করেন। পাশে অন্যজনের আরেকটি বাড়িও রয়েছে। কিন্তু সম্প্রতি আলমগীর হোসেন দুটি জমিরই মালিকানা দাবি করেন। বাড়ি দখলে নিতে তাঁরা আজ এ হামলা চালান। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।