বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি
অবিলম্বে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ ও দেশের কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রকে পাঁচ দফা সুপারিশসহ স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিটি করপোরেশন এলাকায় পোশাকশিল্পের লাখ লাখ শ্রমিকের বসবাস। কিন্তু একশ্রেণির বাড়ির মালিকের মাত্রাতিরিক্ত ভাড়া বাড়ানোর কারণে স্বল্প ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জীবন অনেক কষ্টে পড়েছে। কারণ, মজুরির একটা বড় অংশ চলে যায় বাড়িভাড়া পরিশোধ করতে। ফলে শহরে বসবাসের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। ভবনের মালিকেরা ভাড়া বাড়ানোর সময় কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না। তাই অবিলম্বে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন (১৯৯১) বাস্তবায়ন করতে হবে। বিজ্ঞপ্তি৷