বাড়িওয়ালার ভাইয়ের ইটের আঘাতে ভাড়াটের মৃত্যু
রাজধানীর হাতিরঝিলে এক বাড়ির মালিকের ভাইয়ের ইটের আঘাতে কামরুল ইসলাম (৬৭) নামের এক ভাড়াটের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে হাতিরঝিলের উলন রোডে এ ঘটনা ঘটে। বাড়ির ফটক খোলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত কামরুলের ছেলে আজিজুল হাকিম প্রথম আলোকে জানান, বাড়ির মালিক বিদেশে থাকেন। তাঁর ছোট ভাই কাজী জিকো (৩৬) রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে বাড়ির ফটক বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পর আজিজুলের ছোট ভাই (নিহত কামরুলের ছোট ছেলে) আজিজুল হাসিব (২০) ফটকের কাছে যান। এ সময় ফটক খুলতে দেরি হলো কেন—এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। তখন হাসিব বলেন, ‘আমরা গেট খুলবো কেন?’ তর্কের একপর্যায়ে তাঁর বাবা এগিয়ে আসেন। এ সময় তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন জিকো। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজিজুল হাকিম আরও জানান, তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রামে। তাঁরা ৫৭, উলন রোডের ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে জিকো পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য কামরুলের লাশ হাতিরঝিল থানা-পুলিশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।