বাড়িভাড়া আইন ভঙ্গকারী মালিকদের আইনের আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া আইন অমান্যকারী মালিকদের ফৌজদারি দণ্ডবিধির আওতায় আনার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। সংগঠনটি বাড়িভাড়া আইন ১৯৯১ বাস্তবায়ন, প্রকাশ্য ঘোষণার মাধ্যমে প্রতি বর্গফুট অনুযায়ী বাড়িভাড়া নির্ধারণ ও তা বাস্তবায়ন বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ভাড়াটিয়া পরিষদ এসব দাবি জানায়। পরিষদের ধারণাপত্রে বলা হয়, ঢাকা শহরে দুই থেকে আড়াই লাখ বাড়ির মালিক প্রায় দেড় কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। অথচ এ বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই।বাড়িভাড়া আইন অনুযায়ী, বাড়ির মালিক দুই বছরের মধ্যে কোনো ভাড়া বাড়াতে পারেন না। এক মাসের অতিরিক্ত কোনো অগ্রিম নিতে পারেন না। কিন্তু এসব মানা হয় না। ঢাকা সিটি করপোরেশনের ১০টি কর অঞ্চলের ৭৭৩টি এলাকার ভাড়ার হার নির্ধারণ করা থাকলেও তা মালিকেরা মানেন না। এসব তদারকিরও কোনো ব্যবস্থা নেই। পরিষদের সদস্য সৈয়দ নুরুদ্দীন আহমেদ তাঁর ‘ধারণাপত্র’ থেকে এসব তথ্য পড়ে শোনান।ভাড়াটিয়াদের একাধিক সংগঠন না করে সবাই এক হয়ে আন্দোলনের আহ্বান জানান আলোচনা সভার প্রধান বক্তা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারের টনক নড়াতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। উপস্থিত শ্রোতাদের পরামর্শ দিয়ে মান্না আরও বলেন, গুলিস্তান থেকে গাবতলী পর্যন্ত যদি মানববন্ধন করা যায়, তাহলে সরকার শুনবে। শুধু আলোচনা করে কোনো লাভ হবে না। সিটি করপোরেশনকে বাড়িভাড়া নির্ধারণের দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত করপোরেশন সে দায়িত্ব স্বীকার করেনি বলে তিনি অভিযোগ করেন।ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতানের সভাপতিত্বে বক্তারা বাড়িওয়ালাদের ওপর কর আরোপ করে তা আদায়ের দাবিও জানান। তাঁরা বলেন, পদ্মা সেতুর জন্য বাড়ির মালিকদের কাছ থেকে বাণিজ্যিক হারে রাজস্ব আদায় করা উচিত। কারণ, বাড়িওয়ালারা বাড়িভাড়া নামের ব্যবসা করেন। তাই অন্যান্য ব্যবসার মতো এ ক্ষেত্রেও কর আরোপ করা উচিত। বক্তারা মনে করেন, বাড়িভাড়ার ওপর প্রত্যক্ষ কর আরোপ করে পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন সম্ভব। সভায় আরও বক্তব্য দেন গরিবী হটাও আন্দোলনের আহ্বায়ক নুরুল হক মেহেদী, গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতা সাইফুল হক, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী, বাংলাদেশ নির্মাণশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমুখ।