বাড়িভাড়া কমিশন গঠনের আহ্বান
বাড়িভাড়া আইন যথাযথভাবে কার্যকর করতে অবিলম্বে বাড়িভাড়া কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটি। তা ছাড়া বাড়িভাড়া আইন কার্যকর করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে প্রতিটি ওয়ার্ডে বাড়িভাড়া অধিকার সংরক্ষণ সোসাইটির শাখা গঠন করার আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।সোসাইটির সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারী ও মহাসচিব কামরুদ্দীন এক যৌথ বিবৃতিতে বলেন, ‘গত ২০ বছরেও ঢাকা শহরে হোল্ডিং জরিপ করা হয়নি এবং করও বাড়ানো হয়নি। অথচ বাড়ির মালিকেরা এসব নানা অজুহাতে প্রতিবছরই অযৌক্তিকভাবে বাড়িভাড়া বাড়িয়ে ভাড়াটিয়াদের জীবন দুর্বিষহ করে তুলেছেন।’ তাঁরা বলেছেন, ঢাকা শহরে প্রতি বর্গফুট হিসেবে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন প্রতি বর্গফুটে ৪ দশমিক ৫০ টাকা থেকে ধানমন্ডি, শুলশান, বনানীতে ১৩-১৪ টাকা হারে বাড়িভাড়া নির্ধারণ করা আছে। বর্তমানে ঢাকার বাড়িভাড়া আকাশছোঁয়া।