বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি
ঢাকার বাড়িওয়ালাদের অতিরিক্ত ভাড়া আদায়ের সমস্যা সমাধানে সিটি করপোরেশনের ভাড়ার হার এবং ১৯৯১ সালের বাড়িভাড়া আইন কার্যকর করাসহ ছয় দফা দাবি জানিয়েছে ‘ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটি’।অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোসাইটি এই দাবি করেছে।সোসাইটির সভাপতি আলমগীর হোসেন বলেন, ১৯৯১ সালের বাড়িভাড়া আইনের প্রয়োগ নেই। ভাড়ার চুক্তি হচ্ছে না। রসিদ দেওয়া হচ্ছে না। ইচ্ছামতো ভাড়া বাড়ানো হচ্ছে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সোসাইটির মহাসচিব মাসুদ রানা, ভুক্তভোগী দেবাশীষ রায়, আইনজীবী আবু কায়সার প্রমুখ। তাঁরাও বাড়িভাড়া আইন প্রয়োগের পদক্ষেপ নেওয়ার দাবি এবং অতিরিক্ত ভাড়া দাবির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্য দাবিগুলো হচ্ছে: প্রতি ওয়ার্ডে ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন; কমিশনের শর্তযুক্ত ফরমে বাড়িভাড়া চুক্তি ও ভাড়ার রসিদ প্রদান; ব্যাংকের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা চালু করা; ভাড়া নিয়ন্ত্রকের আদালতে ভাড়া দেওয়ার ব্যবস্থা সহজতর করা এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে ভাড়াটিয়াদের জন্য ভাড়া পরিশোধের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা।