বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকরে নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ কার্যকরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল রোববার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। আজ বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। রিটে অভিযোগ করা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রসিদ ও বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান থাকলেও অনেক ক্ষেত্রে বাড়ির মালিকেরা তা মানছেন না। তাঁরা আইনের বিধান লঙ্ঘন করে ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি এবং ভাড়াটেদের যখন-তখন বাড়ি ছাড়তে বাধ্য করছেন। এমনকি ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারেও ভাড়া আদায় করা হচ্ছে না। এ ছাড়া বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অনুসারে এর অধীনে বিধি প্রণয়নের বিধান থাকলেও আজ পর্যন্ত তা করা হয়নি। রিটে সরকারের মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইনসচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে বিবাদী করা হয়েছে।