বাড়িভাড়া নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রওনক হাসান। সপরিবারে থাকেন রাজধানীর মোহাম্মদপুরে। বেতন পান ২২ হাজার টাকা। এর মধ্যে তাঁকে বাসা ভাড়াই দিতে হয় সাড়ে ১২ হাজার টাকা। তিনি জানান, তাঁর স্ত্রীও চাকরি করেন, এ জন্যই রক্ষা। নইলে বাসা ভাড়া দিয়ে অন্যান্য খরচ শেষে হয়তো না খেয়েই থাকতে হতো তাঁকে।সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে বাড়িভাড়া। বেসরকারি সংস্থা নাগরিক সংহতির এক জরিপে দেখা গেছে, রওনকের মতো নিম্ন ও মধ্যবিত্ত ৫৭ শতাংশ ভাড়াটিয়াকে আয়ের অর্ধেক খরচ করতে হচ্ছে বাড়ি ভাড়ার পেছনে। বাড়িভাড়া নিয়ে আইন আছে। নেই প্রয়োগ বা সচেতনতা। ফলে বাড়ির মালিক অনেকটা ইচ্ছামতো বাড়াচ্ছেন ভাড়া। এ অবস্থায় ভোক্তা অধিকারভিত্তিক সংস্থাগুলোর তৎপরতায় অসন্তুষ্ট সিংহভাগেরও বেশি ভাড়াটিয়া। শতভাগ ভাড়াটিয়াই মনে করেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণে সরকারের সক্রিয় হওয়া উচিত।বাড়িভাড়া যখন-তখন বাড়ানো হচ্ছে। এটি ঠেকাতে উচ্চ আদালতের দ্বারস্থও হয়েছেন মানবাধিকার সংগঠনের কর্মীরা। গত ১৭ মে উচ্চ আদালত বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে সরকারের প্রতি রুলও জারি করেন। কিন্তু ভাড়াটিয়ারা বলছেন, কার্যত কোনো লাভ হয়নি। বাড়িভাড়াসংক্রান্ত ১৯৯১ সালের আইনে প্রতি তিন বছর পর আলোচনার ভিত্তিতে এবং বাড়ি সংস্কার করা হলে ভাড়া বাড়ানোর কথা বলা আছে। কিন্তু বাস্তবে এর কোনো প্রয়োগ নেই। নাগরিক সংহতির জরিপে অংশ নেওয়া ভাড়াটিয়াদের ১৬ শতাংশ বলেছেন, ছয় মাস পর পর বাসা ভাড়া বাড়ানো হয়। ৪৫ শতাংশ ভাড়াটিয়ার অভিজ্ঞতা, প্রতি এক বছর পর পর বাড়ানো হয় বাসা ভাড়া। আর ১৩ শতাংশ ভাড়াটিয়া বলেছেন, বাড়ির মালিক তাঁর ইচ্ছামতো বাসাভাড়া বাড়ান। এতে ধরাবাঁধা কোন নিয়ম নেই। বেশির ভাগ ভাড়াটিয়া বাসা ভাড়া নেওয়ার সময় মালিকপক্ষের সঙ্গে চুক্তিও করেন না। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক জরিপে বলা হয়, গত ১৮ বছরে ঢাকা শহরে বাসা ভাড়া বেড়েছে ২৮৫ শতাংশ।এখন ঢাকায় নিম্ন ও মধ্য আয়ের যেসব পরিবার ভাড়া বাসায় থাকছেন, তাঁদের আয়ের অর্ধেক ব্যয় হচ্ছে বাসা ভাড়া মেটাতে। জরিপে অংশ নেওয়া ভাড়াটিয়াদের ৫৭ শতাংশ বলেছেন, তাঁদের মাসিক আয়ের অর্ধেক খরচ করতে হয় বাড়ি ভাড়ার পেছনে। ১৯৯১ সালের আইনে ভাড়া আদায়ের রসিদ দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু রাজধানীতে বেশির ভাগ ক্ষেত্রে ওই আইন মানা হয় না। জরিপে দেখা যায়, ৫০ শতাংশ ভাড়াটিয়া বলেছেন, তাঁরা বাড়িভাড়া আইন নিয়ে কোনো কিছুই জানেন না। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা রাজধানীর ক্যান্টনমেন্ট, হাজারীবাগ, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, হাজারীবাগ, রামপুরাসহ বিভিন্ন স্থানের ৩০০ ভাড়াটিয়ার মধ্যে এ জরিপ চালান।