গ্রামের দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে বাড়ির আঙিনায় চাষাবাদে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে কৃষি খাতের নানা সমস্যার সমাধান ও কৃষি গবেষণায় টেকসই বিনিয়োগ বাড়াতে হবে। তবে শুধু উত্পাদন বাড়ালেই চলবে না, সবার জন্য খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত খাদ্য উত্পাদন করে অভুক্ত মানুষের কাছে তা তুলে দিতে হবে।গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে মিলিয়নসফিড নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কৃষির উন্নয়নে গত ৫০ বছরের অগ্রযাত্রার নানা দিক নিয়ে এ বই প্রকাশ করা হয়েছে। কৃষি বিশেষজ্ঞ ডেভিড জে স্পেইলম্যান ও রাজুল পান্ডে লর্চ গবেষণাভিত্তিক এ বই লিখেছেন। বইতে পৃথিবীর বিভিন্ন দেশের এ রকম ২০টি সাফল্যের গল্পের উল্লেখ আছে। এর মধ্যে বাংলাদেশের দুটি উদাহরণও আছে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অর্থনীতিবিদ এম সাইদুজ্জামান বলেন, ‘কৃষিতে আমাদের অনেক সাফল্য আছে, তবে এখনো অনেক কিছু করার আছে। দেশের ৪০ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে, শিশুরা এখনো অপুষ্টির শিকার।’প্রধান অতিথি কৃষিসচিব সি কিউ কে মুশতাক আহমেদ বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিমন্ত্রী সব সময় এ খাতের উন্নতি নিয়ে কাজ করছেন। কৃষি খাতের সমস্যা সমাধানে মন্ত্রণালয়ও সর্বোচ্চ চেষ্টা করছে। তবে শুধু অধিক পরিমাণে খাদ্য উত্পাদন করলেই চলবে না, জলবায়ু পরিবর্তন ও জনমিতিসংক্রান্ত (অঞ্চলভিত্তিক জনসংখ্যার বিন্যাস) নানা দিক নিয়েও সরকারকে ভাবতে হচ্ছে।স্বাগত বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহাবুব হোসেন বলেন, স্বাধীনতার পর জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, কৃষিজমির পরিমাণ কমে যাওয়াসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দানাদার শস্যের উত্পাদন আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। শুষ্ক মৌসুমে সেচনির্ভর বোরো চাষের কারণেই এটা হয়েছে।হেলেন কেয়ার ইন্টারন্যাশনালের প্রতিনিধি আমিনুজ্জামান তালুকদার বলেন, গবেষণায় দেখা গেছে, যাঁরা বাড়ির আঙিনায় চাষাবাদ করেন, হাঁস-মুরগি লালন-পালন করেন; তাঁরা দারিদ্র্য বিমোচন করে, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে, অপুষ্টি সমস্যার সমাধান করে, লিঙ্গ বৈষম্য দূর করে পরিবারে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ান।সেন্টার ফর পলিসি ডায়ালগের উত্তম কুমার দেব বলেন, ‘আমাদের খরা, বন্যা ও লবণাক্ততাসহিষ্ণু শস্য চাষের দিকে যেতে হবে। এ জন্য সরকারকে প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে। কৃষিতে সরকারি বিনিয়োগ না বাড়লে বেসরকারি বিনিয়োগ আসবে না।’আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) জয়নাল আবেদিন বলেন, ‘বাড়ির আঙিনায় চাষের বিষয়টি এত সহজ নয়। ১৯৮০ সাল থেকে এ বিষয়ে বলা হলেও আমরা খুব বেশি এগোতে পারিনি।’বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাত্তার মণ্ডল বলেন, দুই দশক আগেও কৃষিকে উপেক্ষা করা হয়েছে, তবে এখন সারা বিশ্বই কৃষির প্রতি মনোযোগী হয়েছে। সবাই এখন বুঝতে পারছে, সবার জন্য খাদ্য উত্পাদন নিশ্চিত করতে না পারলে উন্নয়নের চিন্তা অসার হয়ে যাবে।অনুষ্ঠানে বইয়ের লেখক ডেভিড জে স্পেইলম্যান তাঁর বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।