বাড়ির জন্য হরতাল পালনের দৃষ্টান্ত আর নেই: মান্নান খান
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বাড়ির শোকে ১৬ কোটি মানুষকে জিম্মি করেছেন। ঈদের মাত্র দুই দিন আগে হরতাল ডেকে তিনি ঘরমুখো মানুষকে অশেষ যন্ত্রণায় ফেলেছেন। খালেদা জিয়া আবারও প্রমাণ করেছেন, দেশ ও দলের চেয়ে ব্যক্তিস্বার্থ তাঁর কাছে বড়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল রোববার বারডেম হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ভাষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, হরতাল করেছে। কিন্তু বাড়ির জন্য হরতাল করার এমন দৃষ্টান্ত আর নেই। আইনের ব্যত্যয় ঘটিয়ে খালেদা জিয়া বছরের পর বছর ৭০০ কোটি টাকা মূল্যমানের জমি ভোগদখল করেছেন। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আইন ভেঙে সরকারের কাছ থেকে একই সঙ্গে দুটি বাড়ি নিয়েছেন।এ ছাড়া খালেদা জিয়া তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়েছে বলে গত শনিবার সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য বলে দাবি করেন আব্দুল মান্নান খান। খালেদা জিয়া যে ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন, তার একটি ফিরিস্তি তিনি দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আল্লাহ তাঁর শুভবুদ্ধির উদ্রেক করুন। যে দেশে কোটি কোটি মানুষের মাথার ওপর ছাদ নেই, সে দেশের বিরোধীদলীয় নেত্রী অবৈধভাবে একটি বাড়ি ভোগ দখল করার জন্য হরতাল ডাকলেন, এটি অত্যন্ত দুঃখজনক।’