বাড়ির ঠিকানা জানে না ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে হারিয়ে যাওয়া পাঁচজন শিশু রয়েছে। এদের মধ্যে একজন শ্রবণপ্রতিবন্ধী। ওরা বাড়ির ঠিকানা জানে না।চার বছরের ফেরদৌসী ও আড়াই বছরের শামীম তাদের বাবার নাম বলেছে ফিরোজ। মায়ের নাম বলতে পারে না। ঠিকানা জানে না। হারিয়ে যাওয়ার সময় ফেরদৌসীর পরনে ছিল গেঞ্জি ও হাফ প্যান্ট। শামীমের পরনে ছিল ডোরাকাটা গেঞ্জি ও হাফ প্যান্ট।২৭ আগস্ট সাভার থানার কর্তব্যরত কর্মকর্তারা রেডিওতে এই দুই শিশুর সংবাদ পান। পরে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে দারুচিনি রেস্তোরাঁর পাশে ফুটপাতে অভিভাবকহীন এই দুই শিশুকে উদ্ধার করা হয়। সাভার থানায় জিডি করার পর তাদের নিরাপদ হেফাজতের জন্য তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।পাঁচ বছরের আইয়ুব খান বাবা-মা কারও নাম বলতে পারে না। ২৬ আগস্ট বিমানবন্দর থানার কাওলা এলাকায় কান্নাকাটি করতে থাকলে রেজা মাহমুদ নামের এক ব্যক্তি এ শিশুকে উদ্ধার করে বিমানবন্দর থানায় নিয়ে যান। থানায় আইয়ুব জানায়, সে সাভার থেকে বাসে করে এসেছে। পরে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। আইয়ুবের গায়ের রং ফরসা। পরনে ছিল লাল ও কালো চেক শার্ট।১০ বছরের হামিদা আক্তার তার বাবার নাম করিম ও মায়ের নাম বলেছে খালেদা। দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কথা বলতে পারলেও আর কিছু জানাতে পারেনি। ২৫ আগস্ট তেজগাঁও থানার আওলাদ হোসেন মার্কেটের সামনের ওভারব্রিজে কান্নাকাটি করতে দেখে জালাল মোল্লা নামের একজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। হামিদা থানায় জানায়, সে সুফিয়া নামের একজনের বাসায় কাজ করত। সুফিয়ার গায়ের রং কালো। তার পরনে ছিল টিয়া রঙের কামিজ।২৬ আগস্ট তেজগাঁও এলাকায় পুলিশ খুঁজে পায় শ্রবণপ্রতিবন্ধী শারমিনকে। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের (এসডিএসএল) দোভাষীর মাধ্যমে আলাপচারিতায় সে তার বাবার নাম লাল মিয়া বলেছে। তার বাবা একজন পাটচাষি। মায়ের নাম ওজুফা। শারমিনরা এক ভাই ও দুই বোন। তার ভাই রায়হান তেজগাঁও এলাকায় থাকে এবং এ এলাকায় কোনো এক সোয়েটার কারখানায় কাজ করে। তার ভাবির নাম সুরাইয়া। ভাই-ভাবির সঙ্গে সে ঢাকায় এসেছে। তারপর কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভাইয়ের বাসার ঠিকানা, নিজ জেলার নাম কিছুই সে বলতে পারে না।শারমিনের খোঁজ পেতে ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও থানাসংলগ্ন, ডিউটি অফিসার, ফোন: ০২-৯১১০৮৮৫ ) অথবা এসডিএসএল (২জি/ ৮, গোল্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, ফোন: ০২-৮১২৭১৭৭)-তে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যদের জন্যও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি।