বাড়ির মালিক ও ভাড়াটেদের নিয়ে হবে তথ্যভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাড়ির মালিক ও ভাড়াটেদের দেওয়া তথ্য দিয়ে তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরি করে প্রত্যেককে পৃথক পরিচয়পত্র নম্বর দেবে পুলিশ। বাসা ভাড়া নিতে হলে এই আইডি নম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানায় জানাতে হবে। তখন ওই থানার পুলিশ নতুন একটি নম্বর দিয়ে তথ্যভান্ডারে সংযুক্ত করবে। ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

রাজধানীবাসীর তথ্যের ডেটাবেইস (তথ্যভান্ডার) গড়তে ডিএমপি ইতিমধ্যে সফটওয়্যার চালু করেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া রমনা থানায় ডেটাবেইসের উদ্বোধন করবেন।

ডিএমপি সদর দপ্তরের অপরাধ বিভাগ সূত্র বলেছে, ডিএমপির আটটি বিভাগ থেকে গত ১০ মাসে রাজধানীবাসীর কাছে ২০ লাখ তথ্য ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ২০ লাখ ফরম পূরণ হয়ে ডিএমপির ৪৯ থানায় ফেরত এসেছে। একেকটি ফরমে এক থেকে আটজন পর্যন্ত বাসিন্দার তথ্য রয়েছে। একেকটি পরিবারে পাঁচজন করে সদস্য আছে ধরে নিলেও সে অনুযায়ী অন্তত এক কোটি নগরবাসীর বৃত্তান্ত জমা পড়েছে পুলিশের হাতে। আজ ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আনুষ্ঠানিক উদ্ধোধনের পর এসব তথ্যের ডেটাবেইস (তথ্যভান্ডার) তৈরির কাজ শুরু করা হবে। পর্যায়ক্রমে রাজধানীবাসীর সবার তথ্য পূরণ করিয়ে আনা হবে।

ওই বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঢাকার কেইনস সিস্টেম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ডিএমপিকে তথ্যভান্ডার গড়তে বিনা মূল্যে একটি সফটওয়্যার চালু করে দিয়েছে। তথ্যভান্ডার গড়ার পর সফটওয়্যার কোম্পানি আগামী দুই বছর বিনা পারিশ্রমিকে সেবা দেবে। ডিএমপি কেন্দ্রীয়ভাবে তথ্যভান্ডার পরিচালনা করতে পুলিশ সদর দপ্তরের সার্ভার অনলাইনে ব্যবহার করবে। তথ্যভান্ডার নিয়ন্ত্রণের জন্য ডিএমপি সদর দপ্তরে একজন সিস্টেম অ্যানালিস্ট আছেন। এ ছাড়া অন্তত ১২ জন প্রশিক্ষণ নিয়েছেন। তথ্যভান্ডার গড়তে ৪৯ থানার পুলিশ কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ৩০০ সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন।

ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, তথ্যভান্ডার হওয়ার পর বাড়ির মালিক ও ভাড়াটেদের পৃথক নম্বর দেওয়া হবে। ভাড়া বাসা নেওয়ার আগে পুলিশকে এই আইডি (পরিচয়পত্র) নম্বর জানাতে হবে। তখন থানা থেকে তাঁকে নতুন আইডি নম্বর দেওয়ার পাশাপাশি পুরোনো আইডি নম্বরটিও তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। বাড়ির মালিক বা ভাড়াটের তথ্যভান্ডারের সঙ্গে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া হবে। এতে বাসা ভাড়া নিয়ে কেউ অপরাধ কর্মকাণ্ড করতে পারবে না। আর অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেলেও ওই আইডি নম্বরে দেখে তাঁর বৃত্তান্ত জানা যাবে। তাঁকে খুঁজে বের করার পুলিশের কাছে পথ খোলা থাকবে। তিনি বলেন, রাজধানীবাসীর অপরাধ গবেষণায়ও কাজে লাগবে।

রাজধানীর বিভিন্ন থানা ঘুরে জানা গেছে, থানায় জমা পড়া তথ্য তথ্য যাচাই–বাছাই করছেন ওই থানার বিট কর্মকর্তারা। একেকটি থানায় অন্তত পাঁচটি করে বিট রয়েছে। প্রতিটি বিটে চারজন এসআইয়ের নেৃতত্বে ১০ জন পুলিশ সদস্য আছেন। প্রতিটি বিটের পুলিশ সদস্যরা এক মাস ধরে সরেজমিনে পূরণ হয়ে আসা ফরমগুলোর তথ্য যাচাই–বাছাই করছেন। এসব তত্ত্বাবধান করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে প্রতিটি থানার তিনজন পরিদর্শক। পুলিশ বলছে, তথ্য যাচাই–বাছাই শেষে এসব তথ্য সফটওয়্যারে দেওয়া হবে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, বাড়ির মালিক ও ভাড়াটেদের তথ্য যাচাই–বাছাই শেষে সফটওয়্যারে নেওয়া হবে। এরপর ডিএমপি সদর দপ্তর কেন্দ্রীয়ভাবে তথ্যভান্ডার গড়বে। রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, প্রাপ্ত তথ্য ফরম আগামী দুই-চার দিনের মধ্যে যাচাই-বাছাই শেষ হবে। এরপরই ডেটা এন্ট্রি ডিএমপি সদর দপ্তরের সফটওয়্যারে দেওয়া হবে।

দোলাইরপাড়ের বাসিন্দা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী থানার পুলিশ তথ্য যাচাই–বাছাইয়ে দোলাইরপাড়ের বাসায় বাসায় যাচ্ছে। মিরপুরের বাসিন্দা আফরোজউদ্দিন বলেন, তিনি পুলিশ নির্ধারিত ফরম জমা দিয়েছেন। তবে তা যাচাইয়ে পুলিশ বাসায় আসেনি। মিরপুর ১ নম্বরের বাসিন্দা বেলাল হোসেন বলেন, পাড়া–মহল্লায় পুলিশ তথ্য যাচাই–বাছাই করেছে।