বায়রার দুই নেতাই বিএমইটিতে হামলা করেছেন: মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি ও মহাসচিবের নেতৃত্বেই সরকারি প্রতিষ্ঠান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) হামলা ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক বেগম শামছুন্নাহার। গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন।বুধবার বায়রার সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে রমনা থানায় বিএমইটির পক্ষ থেকে একটি মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, আসামিরা বহির্গমন ছাড়পত্র নিতে আসা বিদেশগামীদের বিএমইটি ভবনে ঢুকতে বাধা দিয়েছেন। বায়রা এ অভিযোগ সত্যি নয় বলে দাবি করেছে। গতকাল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে বিএমইটির মহাপরিচালক বেগম শামছুন্নাহার সাংবাদিকদের বলেন, ‘বায়রার নেতারা বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএমইটিতে এসে কর্মচারীদের মারধর করেছেন। তাঁরা পাসপোর্ট ছিনিয়ে নিয়ে গেছেন। এ ছাড়া তাঁরা বহির্গমন শাখার কর্মকর্তাদেরও হুমকি দেন।’বায়রার সংশ্লিষ্ট নেতারা বিএমইটির অভিযোগ অস্বীকার করেছেন—এ কথা বলা হলে শামছুন্নাহার বেগম বলেন, তাঁদের নেতৃত্বেই হামলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দেখেছেন। সরকারিভাবে জনশক্তি রপ্তানি নিয়ে কিছুদিন ধরে সরকার ও বায়রার মধ্যে দ্বন্দ্ব চলছে। এর পরিপ্রেক্ষিতে বায়রা গত সোমবার থেকে জনশক্তি রপ্তানি বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে বুধবার কাকরাইলে বিএমইটি দপ্তরে একটি অপ্রীতিকর ঘটনার জের ধরে বায়রার সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে মামলা করেন বিএমইটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।মহাপরিচালকের বক্তব্যের আগে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন হংকংয়ে নারী শ্রমিক পাঠানোর বিষয়ে কথা বলেন। তবে বায়রার বিরুদ্ধে মামলার বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। মন্ত্রী বলেন, এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক কথা বলবেন। মন্ত্রী চলে যাওয়ার পর বিএমইটির মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। বায়রার দুই নেতার বিরুদ্ধে মামলায় আসামিদের বিরুদ্ধে খুনের চেষ্টা, আঘাত করা, চুরি, অনধিকার প্রবেশসহ দণ্ডবিধির সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে। বায়রার নেতারা বলছেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির তিনজন কর্মীকে আটক করা হয়েছে শুনে কয়েকজন জনশক্তি রপ্তানিকারক বিএমইটিতে যান। পরে পুলিশ তাঁদের ছেড়ে দেয়। সেখানে বায়রার কোনো নেতা যাননি বলে তাঁরা দাবি করেছেন। সংগঠনটির মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বা আমার সভাপতি কেউই বুধবার বিএমইটিতে যাইনি। মামলাটি পুরোপুরি সাজানো।’ সরকার ও বায়রার বর্তমান মুখোমুখি অবস্থান জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে মহাপরিচালক বেগম শামছুন্নাহার বলেন, এর ফলে কোনো প্রভাব পড়বে না। এর আগে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও অনুরূপ বক্তব্য দিয়েছেন। বায়রা জনশক্তি রপ্তানির কাজ বন্ধ রাখায় বিদেশগামীদের বাড়তি চাপ সামলাতে বিএমইটিতে সাতটি অতিরিক্ত কাউন্টার খোলা হয়েছে।