দখলের কবলে বিলুপ্ত প্রায় নগরের হাইক্কার খাল আজ বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা ওয়াসাকে বুঝিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা জেলা প্রশাসন খালটির সীমানাও চিহ্নিত করে দেবে। সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল ১০টায় জেলা প্রশাসন খালের সীমানা চিহ্নিত করার কাজ শুরু করবে। এ সময় ওয়াসা ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জেলা প্রশাসনের ভূমি শাখার কর্মকর্তারা খালের খাস জমির নকশা থেকে সীমানা নির্ধারণ করবেন। ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকার জেলা প্রশাসন খালটি রক্ষণাবেক্ষণ ও উদ্ধারের জন্য এই দুটি সংস্থাকে বুঝিয়ে দিচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন আজই হাইক্কার খালটির সীমানাও চিহ্নিত করবে। সীমানা চিহ্নিত করার পর খালটি খনন করা হবে। বেড়িবাঁধের ভেতরে ও বাইরে দুই দিকেই সীমানা নির্ধারণ করে দেওয়া হবে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই দখলদারেরা খালটি বেড়িবাঁধের ভেতরে ও বেড়িবাঁধের বাইরে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় অবৈধভাবে দখল করে নিয়েছে। খালের অভ্যন্তরে সরকারি অবৈধ স্থাপনা ছাড়াও বেসরকারি অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। দখলের কারণে স্মৃতিসৌধের সীমানাপ্রাচীরও হুমকির মুখে পড়েছে। জেলা প্রশাসন খালটি গত ১৫ ডিসেম্বর বিআই-ডব্লিউটিএ ও ওয়াসাকে বুঝিয়ে দেয়। ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন টেলিফোনে প্রথম আলোকে বলেন, আজ তাঁরা খালটির সীমানা বুঝে নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নকশা ধরে খালটির সীমানা চিহ্নিত করা হবে। বেড়িবাঁধের ভেতরের অংশ ওয়াসাকে এবং বেড়িবাঁধের বাইরের অংশটি বিআইডব্লিউটিএকে বুঝিয়ে দেওয়া হবে। সীমানার মধ্যে থাকা যে অবৈধ স্থাপনা পড়বে, সেগুলো পর্যায়ক্রমেউচ্ছেদ করা হবে।