বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের প্রস্তুতিই সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযান শুরুর আগে পরিকল্পনা ছিল, বুড়িগঙ্গা নদীতীরের দখল হয়ে যাওয়া তিন একরেরও বেশি অংশ উদ্ধার করা হবে। সেভাবে প্রস্তুতিও ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকার জেলা প্রশাসনের। কিন্তু নয়টি টংঘর ও কিছু বালু-ইট অপসারণ ছাড়া বড় উচ্ছেদ সম্ভব হয়নি। এক প্লাটুন পুলিশের সহায়তায় শ্যামপুর লঞ্চ টার্মিনাল এলাকায় গতকাল সোমবার এই অভিযান পরিচালিত হয়। বিআইডব্লিউটিএর দায়িত্বশীল সূত্র জানায়, শ্যামপুরে নদীতীরে জেলা প্রশাসন সেনাবাহিনীর জন্য ২৭ দশমিক ০৩ একর জায়গা অধিগ্রহণ করেছে। এই জমির পাশের জায়গার দখলদারেরা নদীর তিন একরেরও বেশি জায়গাকেও নিজস্ব বলে দাবি করছে। কেউ কেউ মামলা করে আদালতের স্থিতাবস্থা নিয়েছে।গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন ও বিআইডব্লিউটিএর সিনিয়র উপপরিচালক সাইফুল হক খানের নেতৃত্বে অভিযান শুরু হয়। জেলা প্রশাসন ও ভূমি জরিপ অধিদপ্তরের জরিপের ভিত্তিতে আগেই সেখানে সীমানা খুঁটি দেওয়া হয়েছিল। দেখা যায়, লঞ্চ টার্মিনাল এলাকায় যাওয়ার রাস্তার পাশ থেকে বসানো হয়েছে এই সীমানা খুঁটি। কিন্তু এই সীমানার ভেতরেই নয় বিঘা জমির মালিক দাবিদার শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান সাইজুল। তাঁদের কোম্পানি মডার্ন ব্রিকস লিমিটেডের নামে এই জায়গা ব্যবহূত হচ্ছে। অনেকখানি জায়গায় বালুর বাঁধ দেওয়া। বিশাল অংশজুড়ে রয়েছে বিক্রির জন্য রাখা ইট ও বালুর স্তূপ। অভিযান শুরু করতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর লোকজনের সঙ্গে কর্মকর্তাদের তর্ক-বিতর্ক হয়। অভিযানের একপর্যায়ে চেয়ারম্যানের লোকজন প্রথম আলোর আলোকচিত্রীকে ছবি তুলতে বাধা দেন।চেয়ারম্যান অভিযানকারী দলকে বলেন, অনেক আগে থেকেই তাঁরা এই জমির মালিক। এ ছাড়া জমির বিপরীতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। এ অবস্থায় ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ ও তফসিল দেখতে চাইলে চেয়ারম্যান জানান, তাঁর আইনজীবীর কাছে সব আছে।পরে ওই এলাকা থেকে অভিযানকারী দল চলে যায়। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, আইনি জটিলতার কারণে অভিযান পরিচালনা করা যায়নি। কাগজপত্র দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ পালনের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদী ও তীর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, ২০০২ সালে এখানে একবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তখন দখলদারদের দাবি ধোপে টেকেনি। পরে জায়গাটি আবার দখল হয়ে যায়। জরিপের পর এখানে সীমানা খুঁটি দেওয়া হলেও দখল থেমে যায়নি। তাঁরা বলেন, জায়গাটি দখলমুক্ত করতে তাঁরা প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন।এরপর অভিযানকারী দল লঞ্চ টার্মিনালে যাওয়ার পথের পাশে টংঘর হিসেবে গড়ে ওঠা নয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এগুলোর মধ্যে জাহাঙ্গীর স্টোর নামে সাইনবোর্ড দেওয়া একটি টংঘর ওই জায়গা থেকে সরিয়ে শ্যামপুর প্রধান রাস্তার পাশে রাখা হয়। চেয়ারম্যান বলেন, কিছু গরিব মানুষকে এখানে তিনি সামান্য ব্যবসা করতে দিয়েছিলেন। একপর্যায়ে ট্রাক দিয়ে ইট-বালুও সরিয়ে নেওয়া হয়।