বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চার নদনদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে হস্তক্ষেপ করায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানসহ চারজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুল জারির পাশাপাশি কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না, তাও দুই সপ্তাহের মধ্যে জানাতে ওই চারজনকে বলা হয়েছে। যাঁদের প্রতি রুল জারি করা হয়েছে তাঁরা হলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া, উপপরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী ও বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।ঢাকার চার নদনদীর ভেতরের সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাস্তবায়নে হস্তক্ষেপ করার অভিযোগ এনে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ওই চারজনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল এর শুনানি হয়। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।শুনানিতে মনজিল মোরসেদ বলেন, গত বছরের ২৫ জুন হাইকোর্ট চার নদনদীর সীমানা নির্ধারণসহ নদীর ভেতরে থাকা স্থাপনা অপসারণ করতে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। আদালতের নির্দেশনা অনুসারে ৩০ দিনের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক নোটিশ দেন ও কার্যক্রম শুরু হয়। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও ঊর্ধ্বতন উপপরিচালক (পোর্ট) গত ১৪ মার্চ ও ২৮ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর লিখিতভাবে নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির আবেদন করেন। শীতলক্ষ্যায় কতিপয় ব্যবসায়ীকে নোটিশ প্রদান করায় ব্যবসায়ী এম এ রউফ চৌধুরী ও গোলাম মোস্তফা ২৫ ফেব্রুয়ারি লিখিতভাবে উচ্ছেদ না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এসব লিখিত আবেদন আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়।