বিআরটিএ মিরপুর কার্যালয় থেকে ২৮ দালাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ মিরপুর কার্যালয়ে আকস্মিক অভিযানে র‌্যাবের হাতে ২৮ জন দালাল ধরা পড়েছে। অভিযানে অংশ নেওয়া বিআরটিএর দুইজন নির্বাহী হাকিম র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দালালদের পাঁচ থেকে সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। একই সঙ্গে প্রত্যেক আসামির কাছ থেকে ৫০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।গতকাল সকালে বিআরটিএর পরিচালক তপন কুমার সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেওয়া দুই নির্বাহী হাকিম হলেন তোফায়েল আহমেদ ও মশিউর রহমান। অভিযানে র‌্যাবের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার মো. মিজান। এর আগে দুই দফা অভিযান চালিয়ে ৫৮ জন দালালকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ছাড়া পেয়ে তারা আবার দালালি শুরু করে দিয়েছে বলে বিআরটিএ সূত্র জানায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রায়ই বিআরটিএ তাদের মিরপুর কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে। দালালদের গ্রেপ্তারও করা হয়। কিন্তু অভিযানের পরই আবার সেখানে দালালে ভরে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল বলেন, বিআরটিএর সবাই জানে দালাল ও গ্যাটিস ছাড়া সংস্থার কাজ হয় না। অনেকে দালালদের কাছ থেকে ‘সুবিধাও’ পান। অনেক সময় উপর থেকে নির্দেশ এলে কিংবা সুবিধা পাওয়া বন্ধ হয়ে গেলে অভিযান চালানো হয়। এগুলো সবই লোক দেখানো। তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, সুবিধা কে পায় সেটা জানেন না তিনি। দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিআরটিএ কর্মকর্তারা জানান, সংস্থার ঢাকা উত্তর (মিরপুর) ও দক্ষিণ (কেরানীগঞ্জের ইকুরিয়া) কার্যালয়কে ঘিরে কয়েক শ লোকের একটি দালালচক্র গড়ে উঠেছে। এর সঙ্গে রয়েছে ‘গ্যাটিস’। বিআরটিএতে লোকবল কম থাকায় এই ‘গ্যাটিস’রা সরকারি নিয়োগ না পেয়েও দাপ্তরিক কাজ করে থাকে। বিআরটিএর এই দুটি কার্যালয়ে প্রায় ২০০ গ্যাটিস রয়েছে। অধিকাংশ গ্যাটিস রাজনৈতিক নেতাদের সুপারিশে নেওয়া হয়েছে বলে বিআরটিএ সূত্র জানিয়েছে। জানা গেছে, দালাল এবং গ্যাটিস মিলে গ্রাহকদের কাজ করিয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের ঘুষ নিচ্ছে। এই চক্রটাকে ঘুষ না দিয়ে কেউ গাড়ির ফিটনেস নবায়ন, নিবন্ধন নম্বর সংগ্রহ, মালিকানা বদলি সনদ, চালক লাইসেন্স সংগ্রহ করতে চাইলে হয়রানির শিকার হতে হয়। বিআরটিএ কর্মকর্তা ও দালালদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুরে দালালদের নিয়ন্ত্রণ করে যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার এক নেতা ও মিরপুর এলাকায় বসবাস করেন মহানগর ছাত্রলীগের সাবেক দুই নেতা। আর ইকুরিয়া কার্যালয়ের দালালদের নিয়ন্ত্রণ করেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এখানে দালালের দৌরাত্ম্য একেবারে কমে গিয়েছিল। যৌথ বাহিনীর নিয়মিত টহলের কারণে কার্যালয় চত্বরে কোনো দালাল ঢুকত না। হাতেগোনা কয়েকজন দূরে থেকে গ্রাহককে পটিয়ে কাজ বাগানোর চেষ্টা করত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দালালদের দৌরাত্ম্য কমাতে কার্যালয়ের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। কিন্তু দালাল কমেনি।