গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের জন্য (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) বিআরটিএর দালাল জাহাঙ্গীর হোসেনকে এক হাজার টাকা দিয়েছিলেন ধানমন্ডির বাসিন্দা মো. হানিফ। কাগজপত্র তৈরির পর তাঁর কাছে আরও চার হাজার টাকা দাবি করেন দালাল। এরপর তিনি ওই দালালকে র্যাবের কাছে ধরিয়ে দেন। ভ্রাম্যমাণ আদালত গতকাল দালাল জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার বিআরটিএ মিরপুর কার্যালয়ে এ অভিযান চালান। এতে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুজনকে জরিমানা করা হয়। বিআরটিএ কার্যালয়কে দালাল ও বহিরাগতমুক্ত করতে গতকাল বিআরটিএর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে সন্দেহভাজনদের আটকের পর বিচারের মুখোমুখি করা হয়। বিআরটিএর ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম ও তোফায়েল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে র্যাব, বিজিবি ও পুলিশ সহায়তা করে। বিআরটিএর কর্মকর্তারা জানান, সকালে কার্যালয়ের ভেতর থেকে ২৫ জনকে আটক করা হয়। পরে জবানবন্দির ভিত্তিতে তাদের তা ৎ ক্ষণিক বিচার করা হয়। এতে ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। দুজনকে জরিমানা করা হয়। যাঁদের সাজা দেওয়া হয়েছে, তাঁরা হলেন মিরপুরের সেনপাড়ার জাহাঙ্গীর হোসেনকে এক মাস, সিরাজগঞ্জের শান্তা ইসলামকে এক মাস, মিরপুরের কামাল হোসেনকে ১৫ দিন, রাইকুল ইসলামকে ১৫ দিন, নাসিরউদ্দিনকে এক মাস, কচুক্ষেতের মো. হোসেনকে ১৫ দিন, ফরিদপুরের আমিন বিশ্বাসকে এক মাস, বরিশালের মিজানুর রহমানকে এক মাস, ফাইজুল ইসলামকে সাত দিন, বগুড়ার শফিকুল ইসলামকে এক মাস ও কুমিল্লার কাজী কামালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সন্দেহভাজনদের মধ্যে শাহজাহান মিঞা ও আদালত অবমাননার জন্য গাড়ি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।অভিযান ও ভ্রাম্যমাণ আদালত প্রসঙ্গে বিআরটিএর ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে এ অভিযান চলছে। কার্যালয়ের ভেতর থেকে আটক করা লোকদের কারাদণ্ড দেওয়া হয়েছে ও জরিমানা করা হয়েছে।’ তিনি বলেন, লোকবলের অভাবে বিআরটিএ কার্যালয়ে অবৈতনিকভাবে যাঁরা কাজ করছেন, তাঁদের সঙ্গে বাইরের দালালদের যোগাযোগ রয়েছে। এ জন্য অবৈতনিকভাবে কর্মরতদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।