বিআরটিএর দুষ্টচক্র ভেঙে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) দুষ্টচক্র ভেঙে দিতে হবে।একেকজন কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে ১০ থেকে ১৫ বছর চাকরি করে দুষ্টচক্র গড়ে তোলেন। নির্দিষ্ট সময় পর পর তাঁদের বদলি করতে হবে।গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিএর সদর দপ্তরে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘ঢাকায় অনেক আনফিট গাড়ি চলে। আমি নিজে গিয়ে দেখেছি, মিরপুরে টাকা-পয়সার বিনিময়ে মধ্যস্বত্বভোগী দালালেরা ভুয়া সার্টিফিকেট দেন। এটা বন্ধ করতে হবে।’চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, গাড়ি ঠিক আছে কি না, তা দেখে চালানো শুরু করবেন। চালক হিসেবে আপনার দক্ষ ও সতর্ক চালনার ওপর কতগুলো জীবন নির্ভর করে, তা লক্ষ রাখবেন। ঘুমচোখে গাড়ি চালাবেন না।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএর চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান, পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক সাহেল উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।