বিআরটিসির জোড়া লাগানো বাস চলাচল শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে জোড়া লাগানো (আর্টিকুলেটেড) বাস। প্রাথমিকভাবে ১০টি জোড়া লাগানো বাস চলাচল শুরু করেছে। এগুলো রাজধানী ঢাকা-গাজীপুর পথে চলবে।রাজধানীর ফার্মগেটে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বুধবার জোড়া লাগানো বাসের চলাচল উদ্বোধন করেন। ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণ সহায়তার অধীনে এসব বাস ভারত থেকে আমদানি করা হয়েছে। সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে এসব বাসের চলাচল শুরু হয়েছে। প্রতিটি বাস প্রায় ৯০ লাখ টাকায় কেনা হয়েছে বলে জানা গেছে।উদ্বোধন করে যোগাযোগমন্ত্রী ফার্মগেট থেকে টিকিট কেটে জোড়া লাগানো বাসে করে বনানীতে সেতু ভবনে যান।বিআরটিসির কর্মকর্তারা জানান, জোড়া লাগানো বাসগুলো রাজধানীর জিরো পয়েন্ট থেকে জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, ফার্মগেট, মহাখালী উড়াল সড়ক, উত্তরা হয়ে গাজীপুরে চলাচল করবে। এপ্রিলের মধ্যে জোড়া লাগানো আরও ৩০টি বাস দেশে আসবে। এসব বাসের ভাড়া এই পথে চলাচল করা বিআরটিসির অন্য বাসের হারে নেওয়া হবে। দুটি বাস জোড়া দিয়ে একটি আর্টিকুলেটেড বাস তৈরি করা হয়েছে। একটি বাসে একসঙ্গে ১২০ থেকে ১৩০ জন যাত্রী চড়তে পারবে। তবে এর অর্ধেক যাত্রী আসন পাবে, বাকি যাত্রীদের দাঁড়িয়ে যেতে হবে।উদ্বোধন শেষে ওবায়দুল কাদের বলেন, এসব বাস ঢাকার যাত্রীদের পরিবহনসংকট দূর করতে ভূমিকা রাখবে। জনগণের সম্পত্তি এসব মূল্যবান বাস যেন হরতাল, আন্দোলন ও অবরোধে রাজনীতির লক্ষ্যবস্তু না করা হয়, সে জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।যোগাযোগমন্ত্রী জানান, প্রাথমিকভাবে এসব বাস ঢাকায় চালু হলেও পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর নগরেও চালু হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্নেল আবদুল্লাহ হেল করিমসহ বিআরটিসি ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।