বিএনএফ থেকেও বহিষ্কৃত হলেন নাজমুল হুদা
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আহ্বায়ক পদ থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাহানারা বেগম দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।গতকাল শনিবার সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক কমিটির এক মুলতবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তিনি দলের অনুমতি ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের একটি ধারা নিয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। সেখানে রিটকারী হিসেবে বিএনএফের আহ্বায়ক বলে নিজেকে উল্লেখ করেছেন। এতে বিএনএফ সমস্যায় পড়েছে। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিন তিনি জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড করেছেন। এই দুই অভিযোগের ভিত্তিতে নাজমুল হুদাকে আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়েছে। সাবেক মন্ত্রী নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করে গত বছর বিএনএফ গঠন করেছিলেন। তিনি গতকাল রাতে বলেন, বিএনএফ গঠনের ব্যাপারে একটি বিশেষ জায়গার ভূমিকা ছিল। তাদের চাপে তিনি এটিকে ফ্রন্ট থেকে দলে পরিণত করেন। কিন্তু এ নিয়ে এখন তাঁর আর কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘লোকজন চায় বিএনপির আমি সঙ্গে থাকি। আমার পদত্যাগপত্র বিএনপি চেয়ারপারসন গ্রহণ করেননি। বিএনপির নেতা হিসেবেই তাঁদের সঙ্গে আছি।’ নাজমুল হুদা বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। দল থেকে তাঁকে দুবার বহিষ্কার করা হয়। আবার ফিরিয়ে নেওয়া হয়।