বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলু কারাগারে
বনানী থানার একটি অর্থ পাচার মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল।
তাপস কুমার পাল জানান, অর্থ পাচারের অভিযোগে গত বছরের আগস্ট মাসে এম এন এইচ বুলুর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলা তদন্ত করে গত বছরের ৫ জুলাই বুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত পলাতক বুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৯ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
এর মধ্যে মঙ্গলবার বুলু আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি নিয়ে আদালত বুলুর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় বুলুর বিরুদ্ধে ১২ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।