প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত বিএনপি সরকারের পাঁচ বছরে যত লোক বিদেশে গেছেন, বর্তমান সরকারের এ সময়ের মধ্যেই সে পরিমাণ লোকের বিদেশে কর্মসংস্থান হয়েছে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভূমিকা ও অর্জন শীর্ষক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম দুই বছর ১০ মাসে যত লোকের কর্মসংস্থান হয়েছে, বর্তমান সরকারের এই একই সময়ে তার চেয়ে দ্বিগুণ লোকের কর্মসংস্থান হয়েছে।খন্দকার মোশাররফ হোসেন জানান, ২০০১ সালের অক্টোবরে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম দুই বছর ১০ মাসে ছয় লাখ ৯০ হাজার ৪১১ জন কর্মী বিদেশে যান। কিন্তু এই সরকারের প্রথম দুই বছর ১০ মাসে ১৩ লাখ ২৫ হাজার ৪০ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। কাজেই বিদেশের শ্রমবাজারে ধস নেমেছে বলে যে দাবি করা হয়, তা একেবারেই ভিত্তিহীন। মন্ত্রী বলেন, ‘প্রায়ই গণমাধ্যমে বলা হয়, শ্রমবাজারে ধস নেমেছে। পত্রিকাগুলো লাল হরফে বড় করে এসব খবর লিখে। কিন্তু বাস্তবতা তাই নয়। আর সে কারণেই তথ্য দিয়ে মন্ত্রণালয় এই বইটি প্রকাশ করেছে। এখান থেকে সবাই তথ্য নিতে পারবেন।’ মন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতিবছর যেই পরিমাণ লোক বিদেশে গিয়েছেন, এখন প্রতিবছর তার চেয়ে প্রায় দ্বিগুণ লোক বিদেশে যাচ্ছেন। তবে ২০০৭ সালে আট লাখ ৩২ হাজার ৬০৯ জন এবং ২০০৮ সালে আট লাখ ৭৫ হাজার ৫৫ জন শ্রমিক বিদেশ গিয়েছিলেন। ২০০৯ সালে এসে এ সংখ্যা দাঁড়ায় চার লাখ ৭৫ হাজার ২৭৮ জনে, ২০১০ সালে তিন লাখ ৯০ হাজার ৭০২ এবং ২০১১ সালের অক্টোবরে চার লাখ ৫৯ হাজার ৬০ জনে। মন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমবাজার এখন যে অবস্থায় আছে, অতীতে কখনোই এত ভালো অবস্থায় ছিল না। তবে সৌদি আরব ও মালয়েশিয়ায় লোক যাওয়া বন্ধ আছে। এ দুই দেশে আবার জনশক্তি রপ্তানি শুরু হলে শ্রমবাজার আরও বড় হবে। সংবাদ সম্মেলনের শুরুতে প্রবাসীকল্যাণসচিব জাফর আহমদ খান বলেন, ‘জিডিপিতে কৃষি খাতের অবদান ২০ ভাগ আর প্রবাসীদের অবদান ১৩ ভাগ। আমরা মনে করি, কৃষি খাতের পরই এ খাতের অবদান সবচেয়ে বেশি। আমরা গত পৌনে তিন বছরে এই খাতের অনিয়মগুলো দূর করার চেষ্টা করছি।’জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।