বিএনপি চিরদিনই পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেছেন, বিএনপি চিরদিনই পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছে। তারা বাংলাদেশকে কখনোই আপন করে নিতে পারেনি। মুক্তাঙ্গনে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। মতিয়া চৌধুরী অভিযোগ বলেন, জিয়া ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি রেখে গিয়েছিলেন। সেই ভাঙা স্যুটকেস থেকে এখন হাজার হাজার কোটি টাকা বের হচ্ছে। বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করেছেন, এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হিসেবে ভারতে যান, তখন বাংলাদেশের মানুষ কিছু পায়। আর বেগম জিয়া তো কিছুই আদায় করতে পারেন না। বিএনপির নেতাদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার চেষ্টা করছেন। রাজনীতি থেকে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য বারবার ষড়যন্ত্র করছেন। শেষ পর্যন্ত গ্রেনেড হামলা করেছেন।’ বেগম জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে ছেলেদের নিরাপদে রেখেছেন। সাহস থাকলে বাংলাদেশে এনে মামলা মোকাবিলা করেন। নির্দোষ প্রমাণ করে তাদের দিয়ে রাজনীতি করান। সে সাহস আপনার নেই।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি সরকারের প্রতি পদে পদে বাধা সৃষ্টি করছে। যুদ্ধাপরাধীদের বিচারকাজেও তারা বাধা সৃষ্টি করছে। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে জন্মতারিখ পরিবর্তন করেছেন। এবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করবেন না।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াতের নেতাদের বক্তব্য একই সূত্রে গাঁথা। জামায়াত-শিবিরের নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পাপের দায়ভার কেন নেবেন। পাপীদের বিচারে সহযোগিতা করুন। বাংলাদেশকে পাপমুক্ত করতেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।’মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য দেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী, হাজি সেলিম প্রমুখ।