আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামী হেফাজতে ইসলামকে দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করেছিল। তিনি সহিংসতা ও নৈরাজ্য বাদ দিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে বিএনপির উদ্দেশে বলেন, ‘বাঁকা পথ বাদ দিন, সোজা পথে আসুন।’সৈয়দ আশরাফ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগের প্রচার উপপরিষদ আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগেও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনায় সমস্যার সমাধান হয়েছে। এবারও হবে। হেফাজতে ইসলামের ভয় দেখিয়ে লাভ হবে না।’ বিএনপির সঙ্গে আগে থেকেই অনানুষ্ঠানিক কথাবার্তা চলার কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে মূল আলোচনার পথে ছিলাম গত সপ্তাহে। কিন্তু হেফাজতের এ ঘটনার পর বিএনপি আর আলোচনায় আসেনি।’ হেফাজতে ইসলামকে ঢাকায় রেখে বিএনপি চার দিনে সরকার পতনের চেষ্টা করেছিল—এমন অভিযোগ করে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি করছে না। তারা হেফাজতের ১৩ দফা দাবিতে সমর্থন দিয়েছে। হেফাজতকে ঢাকায় আনতে এবং ঢাকায় রাখতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এ খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। তাদের ঢাকায় রাখার জন্য বিএনপি চার দিনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাদের অফিসে বাবুর্চি নিয়োগ দেওয়া হয়েছিল।’ দলের নেতা-কর্মীদের আশ্বস্ত করে সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের শক্তি আছে। সংগঠিত সংগঠনও আছে। ভয়ের কোনো কারণ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারব।...আবার অতি আত্মবিশ্বাসী হওয়ারও দরকার নেই।’স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে আলোচনা হবে। তবে এতে হেফাজতের কোনো স্থান নেই। হরতাল বন্ধে আইন করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন পরিবর্তন করার কথা অনেকেই বলছেন। আমি সরকারের কাছে সে প্রস্তাব তুলব। তবে রাজনৈতিক বিষয়ে আইন-আদালত ব্যবহার করা ভালো না। আদালতকে এ বিষয়ে একবার সংযুক্ত করলে তার ফল ভালো হয় না।’সাংবাদিক আবেদ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সব অর্জনকে ধ্বংস করে দিতে বিএনপি-জামায়াত একটা যুদ্ধে নেমেছে। আওয়ামী লীগ না থাকলে এ দেশ আফগানিস্তানের চেয়েও খারাপ হবে।’ সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, ‘পুলিশকে পিটিয়ে মাথা থেঁতলে দেওয়ার ভিডিও ফুটেজ থাকার পরও শাস্তি দিতে না পারাটা প্রশাসনের ব্যর্থতা।’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, সাংবাদিক শ্যামল দত্ত, শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, শাহরিয়ার আলম, নারীনেত্রী রোকেয়া কবির প্রমুখ। সঞ্চালনা করেন অসীম কুমার উকিল।