অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতায় বক্তারা বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা কোনো দল নয়। তারা একই দলের দুটি অংশ। হয়তো তারা দুটি কার্যালয় ব্যবহার করছে। কিন্তু তাদের রাজনীতি এক।
রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া সেন্টারে গতকাল মঙ্গলবার এই স্মারক বক্তৃতা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এ স্মারক বক্তৃতার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে জঙ্গি মৌলবাদ: বিপন্ন মুক্তচিন্তা’।
স্মারক বক্তৃতায় অধ্যাপক অজয় রায় বলেন, ‘আমরা বর্তমানে একটি ক্রান্তিকাল বা সংকটের মধ্য দিয়ে চলেছি। গত কয়েক বছরে উত্থান ঘটেছে সশস্ত্র মৌলবাদের। এটা স্পষ্ট যে জঙ্গি সংগঠনের তৎপরতায় সশস্ত্র মৌলবাদীদের তৎপরতা প্রবলভাবে বেড়েছে। এরা স্থানীয়ভাবে ‘হত্যা কোষ’ গঠন করে তথাকথিত নাস্তিক, মুক্তচিন্তার অধিকারী ও তথাকথিত ব্লগারদের তালিকা তৈরি করে অভিলক্ষ্য ব্যক্তিদের নিশ্চিহ্ন করায় লিপ্ত।
আলোচনায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, দেশ স্বাধীন হলেও এখনো মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, জেনারেল জিয়ার শাসনামলে দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়। স্বাধীনতাবিরোধীদের তিনি প্রতিষ্ঠিত করেন। মুক্তিযুদ্ধে জিয়া ছিলেন পাকিস্তানি চর। তাঁর মতে, বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা কোনো সত্তা নয়। তিনি ঢাকায় পাকিস্তানি দূতাবাসকে ‘কাশিমবাজার কুঠি’ হিসেবে মন্তব্য করেন।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বিএনপি-জামায়াত দেশে পাকিস্তানি রাজনীতি করছে। যেসব পৌরসভায় এই দুটি দলের প্রার্থীরা জয়ী হয়েছে সেগুলো ‘পাকিস্তানি ছিটমহলে’ পরিণত হয়েছে। এসব ‘ছিটমহল’ থেকে মানুষকে মুক্ত করতে হবে।
মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, টাকার বিনিময়ে ধর্মীয় সন্ত্রাসবাদ ছড়ানো হচ্ছে। আইএস আন্তর্জাতিক রাজনীতির ফসল। তবে জেএমবি স্বাধীনতাবিরোধীদের ফসল। তিনি বলেন, মুক্তচিন্তার ওপর আঘাত আসবেই, তবে সে আঘাত ঠেকাতে হবে মুক্তচিন্তা দিয়েই।
শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নূজহাত চৌধুরী বলেন, নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা অসাম্প্রদায়িক কেবল মুখে বললেই হবে না, এটা চর্চার বিষয়।
সভাপতির বক্তব্যে সাংবাদিক কামাল লোহানী বলেন, কেবল ঘরের ভেতর সেমিনারে মৌলবাদের বিপক্ষে কথা বললে হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মুকুল।