বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার দ্রুত বিচার আইনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও হয়রানির চেষ্টা চালাচ্ছে।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের সন্ধান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোট নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।জয়নুল আবদিন সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, জাতীয়তাবাদী ও স্বাধীনতার পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার যে হীন ষড়যন্ত্র করছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এর জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আগামী ২৭ তারিখে সংসদ অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াতের পরপরই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনঃসংযোজন করুন। নইলে ১০ জুনের আলটিমেটাম শেষ হলে কঠোর কর্মসূচি আসবে। খালেদা জিয়া রোডমার্চের মতো আবার মাঠে নামবেন।’মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ রাশেদা বেগম প্রমুখ।বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবেই একসঙ্গে এতজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার সিরাজগঞ্জবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানসহ জোট নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।ইকবাল হাসান বলেন, সরকার বিরোধী দলের ওপর যে পরিমাণ অত্যাচার-নির্যাতন চালাচ্ছে, তাতে এ সরকারকে বিদায় নিতে হবেই। এ সরকারকে এরশাদের চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে। তিনি অভিযোগ করেন, দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে এমন কক্ষে বিএনপির শীর্ষ নেতাদের রাখা হচ্ছে।মানববন্ধনে বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক সাংসদ এম আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।