ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারে দুই দফা হামলার পর এবার তাঁকে বহন করা মাইক্রোবাসে হামলা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে ডেমরায় নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে স্থানীয় বামৈল সেতুর ওপর এ হামলা হয় বলে অভিযোগ করেন সালাহউদ্দিন। হামলায় গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় সালাহউদ্দিন গাড়ির ভেতরেই ছিলেন।
বিএনপির এই নেতা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ডেমরার বামৈল বাজার, ডগাইর নতুন পাড়াসহ ওই এলাকায় তিনি জনসংযোগ করেন। বামৈল সেতুর ওপর এলে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে তাঁর গাড়িতে হামলা করে।
জানতে চাইলে রাত নয়টার দিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো রিপোর্ট আসেনি।’
এর আগে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কদমতলী থানার কুদারবাজার এলাকায় সালাহউদ্দিন আহমেদের প্রচারে হামলা হয়। এতে তাঁর ছেলে তানভীর আহমেদ, নির্বাচনী প্রচার সেলের সদস্য মঞ্জুর মিলনসহ কয়েকজন আহত হন। পরদিন সায়েদাবাদের আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে পূর্বঘোষিত নির্বাচনী প্রচারের জন্য জড়ো হতে গেলে বিএনপির নেতা-কর্মীদের ইটপাটকেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা।
সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনাটি আমরা ডেমরা থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামীকাল (বৃহস্পতিবার) লিখিতভাবে নির্বাচন কমিশন এবং ডেমরা থানা কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’