পুলিশের গুলিতে কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের কর্মী শহিদুল ইসলামের মৃত্যুতে দায়ের হওয়া হত্যা মামলায় বিএনপির স্থানীয় নেতাদের হয়রানির অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের সমর্থক মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসা পুলিশের কাছ থেকে ছোড়া গুলিতে শহিদুলের মৃত্যু হয় বলে অভিযোগ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের। এরপর এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য তাঁদের বাসাবাড়িতে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিএনপির। ওই মামলায় দুই থেকে তিন শ ব্যক্তিকে আসামি করা হয়। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, কয়েক মাস আগে থেকে মামলা-হামলার ভয়ে নেতা-কর্মীরা ঘর-বাড়িছাড়া। আওয়ামী লীগের কর্মী নিহত হওয়ার পরদিন থেকে এ হত্যা মামলায় জড়িয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে তাঁদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি বলেন, সংঘর্ষ হয়েছে হেফাজত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। এখন এ মামলায় পুলিশ অহেতুক তাঁদের নেতা-কর্মীদের হয়রানি করছে।বিএনপির কয়েকজন স্থানীয় নেতা-কর্মীর বাড়িতে ঘুরে জানা গেছে, শনিবার থেকেই গ্রেপ্তারের ভয়ে তাঁরা সবাই বাড়িছাড়া।তবে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত খান বলেন, বিএনপির নেতাদের অভিযোগ সঠিক নয়। পুলিশ নিরপেক্ষভাবে মামলা তদন্ত করছে। এ ঘটনায় জড়িত নয় এমন কাউকে এই মামলায় গ্রেপ্তার ও হয়রানি করা হবে না।পুলিশের তদন্ত কমিটি কাজ শুরু করেনি: এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা অভিযোগ করেন, পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের কাছ থেকে ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে শহিদুলের। হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে এলে স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছেও তাঁরা একই অভিযোগ করেন। আইন প্রতিমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।এর পরিপ্রেক্ষিতে লালবাগ বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে পুলিশ। তবে সেই কমিটি এখনো কাজই শুরু করেনি।গতকাল পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, শুক্রবার সংঘর্ষের পর থেকেই টানা হরতাল চলছে। হরতালে নিরাপত্তায় ব্যস্ত থাকায় ওই কমিটি এখনো বসতে (সভা করতে) পারেনি। অচিরেই কমিটি কাজ শুরু করবে।এদিকে সেদিনের ঘটনায় গুলিতে আহত কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির খান জানান, তিনিসহ আহত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠছেন। সবাই হাসপাতাল ছেড়েছেন।