বিএনপির সহযোগী সংগঠনের আট নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও থানায় করা একটি মামলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আট নেতার ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।জামিনপ্রাপ্ত নেতারা হলেন: যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান ও সাধারণ সম্পাদক মীর সরফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিন, শ্রমিক দলের নেতা বাদল হোসেন ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ ও রফিকুল ইসলাম মিয়া। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।পরে আইনজীবী রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, আদালত আটজনের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাঁদের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। আরেক আইনজীবী সগীর হোসেন বলেন, খিলগাঁও থানায় করা ওই মামলার এজাহারে এসব নেতার নাম ছিল না। বিচারিক আদালতে ২৮ জুন তাঁদের জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে জামিন চেয়ে গতকাল হাইকোর্টে ফৌজদারি বিবিধ আবেদন করা হয়। বিরোধী দলের ডাকা হরতালের দিন রাজধানীর খিলগাঁওয়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও চালক নিহত হওয়ার ঘটনায় গত ২১ এপ্রিল খিলগাঁও থানায় পুলিশ মামলাটি করে।