বিএনপির হরতালে বিভিন্ন সংগঠনের মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতাল সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ও দলগুলোর নেতারা। গতকাল সোমবার বিভিন্ন দাবিতে বিএনপির ডাকা এ হরতাল পালিত হয়।হরতালের পক্ষে: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান ও মহাসচিব শামিম আল মামুন হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানান। এক বিবৃতিতে তাঁরা বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এ সরকারের ওপর মানুষের আস্থা নেই। নয়াপল্টনের কার্যালয়ের সামনে এক সমাবেশে বাংলাদেশ ন্যাপের নেতারা বলেছেন, ব্যর্থ সরকারের পতন গণদাবিতে পরিণত হচ্ছে। হরতাল চলাকালে পুলিশি হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের নিন্দা করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, আনছার রহমান শিকদার প্রমুখ। পুরানা পল্টনে জাগপার অস্থায়ী কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে দলটির সভাপতি শফিউল আলম প্রধান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করেন। বিজয়নগর পানির ট্যাংকের সামনে এক সমাবেশে খেলাফত মজলিসের নেতারা হরতালে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান। বিপক্ষে: এক আলোচনা সভায় ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) নেতারা বলেছেন, সরকার জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আড়িয়ল বিল থেকে বিমানবন্দর অন্য জায়গায় নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরপর এই হরতাল দেওয়ার মানেই হয় না। সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলের নেতা মোসতাক আহমেদ, বি এম সেলিম রেজা, মো. আমানুল্লাহ সিকদার প্রমুখ বক্তব্য দেন। রাজধানীর মুক্তাঙ্গনে হরতালবিরোধী এক বিক্ষোভ সমাবেশে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর নেতারা বলেছেন, বিএনপি-জামায়াতের ডাকা অযৌক্তিক ও দেশবিরোধী হরতাল জনগণ মেনে নেয়নি। সমাবেশে সংগঠনের নেতা হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম, এমদাদুল হক, নুরুজ্জামান ভুট্টো প্রমুখ বক্তব্য দেন।