
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে আবারও আগুন লেগেছে। কেউ হতাহত হয়নি। এই ভবনে এনটিভি, আরটিভি ও আমার দেশ পত্রিকাসহ প্রায় ৩০টি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। এতে আমার দেশ কার্যালয় পুড়ে যায়। এনটিভি, আরটিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রাতে বিকল্প ব্যবস্থায় এনটিভি চালু হয়।
ভবনটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ভবনের ছয়তলায় আরটিভির কার্যালয়, সাততলায় এনটিভি এবং ১১ তলায় আমার দেশ-এর কার্যালয়। ছাদের ওপর দুটি টিনশেড কক্ষে এনটিভির ট্রান্সমিশন স্টেশন রয়েছে। আমার দেশ-এর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি ভবন কর্তৃপক্ষ।
এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এই ভবনের এনটিভি কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন মারা যান। ওই সময় এনটিভি, আরটিভিসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়।
সরেজমিনে জানা গেছে, সম্প্রতি আমার দেশ কার্যালয়টি গুলশানের নিকেতনে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। এ জন্য গতকাল সকালে ছয়জন শ্রমিককে নিয়ে পত্রিকাটির চারজন কর্মচারী ১১ তলার কার্যালয় থেকে বিভিন্ন সরঞ্জাম নিচে নামাচ্ছিলেন। কিছু সরঞ্জাম নামানোর পর বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়ের ছাদে (ফলস সিলিং) আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এর পর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে শ্রমিকদের নিয়ে কার্যালয়ের ওই চারজন ধোঁয়া বন্ধ করার চেষ্টা চালান। কিন্তু একপর্যায়ে কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো কার্যালয়। অবস্থা বেগতিক দেখে পত্রিকার চার কর্মচারী জরুরি বহির্গমন সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। নামার সময় প্রতি তলায় চিৎকার করে আগুন লাগার সংবাদটি পৌঁছে দেন তাঁরা। বেজে ওঠে সতর্কীকরণ সংকেত। আতঙ্কিত হয়ে জরুরি বহির্গমন সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে আসেন এনটিভি ও আরটিভির লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁরা বেলা দুইটার দিকে আগুন নিভিয়ে ফেলেন।
আমার দেশ কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারিগর আহম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘মালামাল নামানোর সময় অফিসের প্রশাসন বিভাগ ও সংরক্ষণ বিভাগের মাঝ বরাবর ফলস সিলিংয়ে স্পার্ক (অগ্নি স্ফুলিঙ্গ) করে। পানি ছিটিয়ে ধোঁয়া বন্ধ করার চেষ্টা করলাম। কিন্তু ধোঁয়া আরও বেড়ে যায়।’
ভবনের ছয়তলায় থাকা আরটিভির জ্যেষ্ঠ নিউজ রুম এডিটর মিজানুর রহমান বলেন, ‘পাশের ভবনের এতিমখানার ছেলেরা হাত নেড়ে চিৎকার করে বলছিল, “আগুন লাগছে, তাড়াতাড়ি নামেন।” সিঁড়ির কাছে এসে ওপরে তাকিয়ে দেখি ধোঁয়া আর ধোঁয়া। এরপর সবাই বের হয়ে আসি।’
মিজানুর বলেন, আগুন লাগার কারণে আরটিভির দুপুর ১২টার সংবাদ প্রচারিত হয়নি। বিদ্যুৎ চলে যাওয়ায় সাড়ে ১২টার পর সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক দিদার চৌধুরীসহ তাঁদের প্রায় শ খানেক লোক ওই সময় ভবনে ছিলেন। আগুনের সংবাদ পেয়ে শুধু ধারণ করা অনুষ্ঠান চালিয়ে তাঁরা নিচে নেমে আসেন। বেলা একটার দিকে সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে গেছে আমার দেশ-এর পুরো কার্যালয়। ভেঙে পড়ে আছে কাচের টুকরো টুকরো অংশ। ছড়িয়ে-ছিটিয়ে আছে বৈদ্যুতিক তার। পুড়ে বেঁকে গেছে কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণসহ বেশ কিছু সরঞ্জাম। পানিতে সয়লাব হয়ে গেছে মেঝে। পাশে থাকা আইনজীবী তানজীব-উল আলমের চেম্বার ও আরেকটি প্রতিষ্ঠানের একাংশ আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারণ, আমার দেশ কার্যালয়ের ভেতর কাগজ ও আইপিএস ছিল। সেখান থেকেও আগুন লেগে থাকতে পারে। শুক্রবার ছুটি থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
মহাপরিচালক বলেন, ভবনটি অনিরাপদ। সিঁড়িগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল রাখা। ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরে উঠতে সমস্যা হয়েছে। এত বড় ভবনে জরুরি বহির্গমন সিঁড়িও পর্যাপ্ত নয়।
আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘এটি রহস্যজনক অগ্নিকাণ্ড। ঘটনার ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
প্রায় একই সময় ঘটনাস্থলে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ‘বারবার আমার দেশ পত্রিকার ওপর আঘাত করা হচ্ছে। এটা সন্দেহাতীভাবে পরিকল্পিত আঘাত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ পরিকল্পিত আঘাতের কোনো আলামত পেয়েছেন কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সন্দেহ করছি। না হলে কেন বারবার একটি পত্রিকার ওপর আঘাত আসবে।’
ভবনের নিচে থাকা এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী বলেন, ২০০৭ সালের আগুনের ঘটনার কোনো তদন্ত প্রতিবেদন তাঁরা পাননি।
জানতে চাইলে বিএসইসি ভবনের সচিব মাসুদ আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদন ভবন কর্তৃপক্ষ হিসেবে তাঁদের কাছেই থাকবে। সেটা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়ার বিষয় নয়। ২০০৭ সালের ঘটনায় বিএসইসির পক্ষ থেকে ছাড়াও তিনটি তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
‘ভবনটি অনিরাপদ’—এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাসুদ আহমেদ বলেন, ‘আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’
দুপুরের দিকে ঘটনাস্থলে আসা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, সবকিছু তদন্ত করে দেখা হবে। নাশকতা হলে ব্যবস্থা নেওয়া হবে। ওই সময় মোসাদ্দেক আলী মন্ত্রীকে বলেন, ‘বারবার একই ভবনে আগুন লাগে কেন, আপনি একটু দেখবেন।’ মন্ত্রী বলেন, ‘আচ্ছা আমি দেখব।’