বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক এ বি এম আব্দুল্লাহকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ। চিকিৎসাবিজ্ঞান বিষয়ে তাঁর লেখা চারটি বই বিভিন্ন দেশে সমাদৃত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। ভারতের বিখ্যাত মেডিকেল প্রকাশনা সংস্থা জেপি ব্রাদার্স ‘কেস হিস্ট্রি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন ইন মেডিকেল প্র্যাকটিস’ এবং ‘ইসিজি ইন মেডিকেল প্র্যাকটিস’ নামে চিকিৎসাবিজ্ঞানের দুটি বই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফ্রিকা, অষ্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচের দেশগুলোর জন্য প্রকাশ করেছে। ইউরোপ ও লাতিন আমেরিকার চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বই দুটি স্পেনিস ভাষায় অনুবাদ করা হচ্ছে।এর আগে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এলসিভিয়ার অধ্যাপক আব্দুল্লাহর লেখা ‘শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন’ এবং ‘রেডিওলজি ইন মেডিকেল প্র্যাকটিস’ নামের দুটি বই প্রকাশ করে। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অষ্ট্রেলিয়াসহ প্রায় সব মহাদেশে বই দুটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়। গত বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য প্রাণগোপাল দত্ত বলেন, নিজের মেধা, অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসাবিজ্ঞানের বইগুলো লিখে অধ্যাপক আব্দুল্লাহ দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন।অধ্যাপক আব্দুল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মেডিকেল শিক্ষার্থীরা যেন সহজে বুঝতে পারেন, পরীক্ষার উপযোগী এবং ব্যবহারিক বিষয়ের দিকে গুরুত্ব দিয়ে বইগুলো লেখা হয়েছে। বইগুলো চিকিৎসাবিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থীরা গ্রহণ করায় তিনি খুব খুশি। মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আবদুল জলিল চৌধুরী, আবদুর রহিম, আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।