বিএসএমএমইউতে অস্ত্রোপচার বন্ধ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবেদনবিদদের (অ্যানেসথেসিয়া) ধর্মঘটের কারণে গতকাল রোববার নিয়মিত অস্ত্রোপচার হয়নি। শনিবার অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে অন্য বিভাগের চিকিৎসকদের সংঘর্ষের জেরে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করেন। দুর্ভোগে পড়েন রোগীরা।
বিএসএমএমইউর সার্জারি অনুষদের অধীনে ১৩টি বিভাগ অবেদনবিদ্যা বিভাগের ওপর নির্ভরশীল। গড়ে প্রতিদিন দেড় শর বেশি অস্ত্রোপচার হয় বিএসএমএমইউতে। ধর্মঘটের কারণে কাল শতাধিক রোগীর অস্ত্রোপচার হয়নি। রোগীর স্বজনেরা রক্ত জোগাড় করে, ওষুধপত্র কিনে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়ার পর রোগীদের ফিরিয়ে নিয়ে যেতে হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু জরুরি অস্ত্রোপচারগুলো হয়েছে।
অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা সাবিল নামের একজন শিশুকে অনবরত কাঁদতে দেখা যায়। ওই শিশুটির বাবা জনি ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চার কিডনিতে সমস্যা। আজ অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে জন্য ভোর পাঁচটা থেকে না খাইয়ে রাখা হয়েছে।’ রেখা রানী নামের এক রোগী নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দুই সপ্তাহ পর অস্ত্রোপচারের তারিখ পেয়েছেন। সকালে অস্ত্রোপচার কক্ষ থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। ওই নারীর গলায় অস্ত্রোপচার হওয়ার কথা।
ক্ষোভ প্রকাশ করেন বরিশাল থেকে আসা এক রোগীর স্বজন। ওটি কমপ্লেক্সের বাইরে বসে ছিলেন তিনি। প্রথম আলোকে বললেন, ‘আমার বোনটার জন্য রক্ত জোগাড় করেছি। ওষুধ কিনেছি। সকাল সাড়ে সাতটায় ওকে ওটিতে ঢুকিয়েছি। দুই ঘণ্টা পর একজন বেরিয়ে এসে বলল রোগী নিয়ে যান। আজ ওটি হবে না। বলেন, ডাক্তার ডাক্তাররা মারামারি করল। আর জিম্মি হলাম আমরা।’
হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া অবশ্য দিনভর অস্ত্রোপচার বন্ধ ছিল কি না এমন প্রশ্নে বলেন, অস্ত্রোপচার বন্ধ নেই। কিছুটা দেরিতে কাজে ফিরেছেন চিকিৎসকেরা। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোগীরা দুর্ভোগে পড়ুক এটা অবেদনবিদেরা চান না বলে উল্লেখ করেছেন ওই বিভাগের চেয়ারম্যান দেবব্রত বণিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘট ঠিক নয়। অন্যান্য দিনের তুলনায় অস্ত্রোপচার কিছু কম হয়েছে। দু-দুটো ছেলে অ্যাসল্ট হয়েছে। ব্যবস্থা নেওয়ার জন্য একটা সময় বেঁধে দিয়েছিল ওরা। দাবি পূরণ হয়নি।’
অবেদনবিদ্যা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেছেন, গত শনিবার সকালে অস্ত্রোপচারের জন্য রোগীরা উপযুক্ত আছেন কি না চিকিৎসকেরা পরীক্ষা করছিলেন। ওই সময় এক চিকিৎসক সবার আগে তাঁর স্ত্রীকে পরীক্ষা করে দেওয়ার জন্য চাপাচাপি শুরু করেন। ঝগড়াঝাঁটি শেষে চিকিৎসকেরা যখন ১০ তলায় নিজেদের বিভাগ থেকে নিচে নেমে আসেন, তখন ওই চিকিৎসক দলবল নিয়ে অবেদনবিদ্যার চিকিৎসকদের মারধর করেন।