বিএসএমএমইউতে সেলাইবিহীন ঝুঁকিমুক্ত বন্ধ্যাকরণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অত্যাধুনিক ল্যাপারোস্কপির মাধ্যমে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন নারীরা। এ বিষয়ে আগ্রহী নারীদের বহির্বিভাগের ১৮ নম্বর কক্ষে প্রতি মঙ্গলবার যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিএসএমএমইউ।বিএসএমএমইউয়ের চিকিৎসকেরা জানান, অত্যাধুনিক ল্যাপারোস্কপি মেশিন দিয়ে কোনো রকম সেলাই ছাড়া এক ইঞ্চির পাঁচ ভাগের এক ভাগের সমান ছিদ্র করে স্থায়ী বন্ধ্যাকরণ করা যায়। এটি ঝুঁকিমুক্ত পদ্ধতি। সনাতন পদ্ধতিতে বন্ধ্যাকরণ করতে পেট কাটতে হয়। বিএসএমএমইউয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম জানান, যুক্তরাষ্ট্রের মতো দেশে স্থায়ী বন্ধ্যাকরণ সবচেয়ে জনপ্রিয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। ওই দেশে প্রায় ৩৮ শতাংশ নারী লাইগেশনকে বেছে নিয়েছেন। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে লাইগেশনের কোনো বিকল্প নেই। বড়ি কিংবা ইনজেকশন ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া আছে।