বিএসটিআইয়ের লাইসেন্স না নেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজার থানার দেবীদাস লেনের (কামালবাগ) বি এম ফুড প্রোডাক্টসে তৈরি হয় ‘ঢাকার বউ চানাচুর’। এই চানাচুরের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্নও (লোগো) রয়েছে। কিন্তু চানাচুর উত্পাদন ও বাজারজাতকারী এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লাইসেন্সই নেয়নি। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার ওই প্রতিষ্ঠানে অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বি এম ফুড প্রোডাক্টসে অভিযান চালান। সেখানে চানাচুর তৈরি করে তা মোড়কজাত করা হচ্ছিল। আদালত দেখেন, লাইসেন্স না নিয়েও প্রতিষ্ঠানটি মোড়কে ব্যবহার করছে বিএসটিআইয়ের মানচিহ্ন। এ কারণে আদালত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত একই এলাকার বান্ধব বেকারিতে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল রুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন পণ্য। এই প্রতিষ্ঠানেরও বিএসটিআইয়ের লাইসেন্স নেই। আদালত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন ও বিশুদ্ধ খাদ্য আইনে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন। এই অভিযানে সহায়তা করেন বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ খান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠান দুটি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পণ্য তৈরি ও বাজারজাত করছিল। এ কারণে প্রতিষ্ঠান দুটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।