বিএসটিআইয়ের সনদবিহীন বাটখারা ব্যবহারের দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের সনদবিহীন বাটখারা ব্যবহারের অপরাধে গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। পরিচয়বিহীন সয়াবিন তেলের ড্রাম রাখায় আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর পৌনে দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজার কিচেন মার্কেটের দোতলায় শাহীন স্টোরে অভিযান চালান। সেখানে সয়াবিন তেলের ড্রামে পণ্যের নাম, উত্পাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও ওজন কিছুই লেখা ছিল না। এসব অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত একই মার্কেটের নিচতলায় পাঁচটি মুদির দোকানে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের সনদবিহীন বাটখারা ও নিক্তি ব্যবহারের প্রমাণ পান আদালত। এসব অপরাধে আদালত হাজি মিজান স্টোর, ইউসূফ জেনারেল স্টোর, জব্বার স্টোর, আনসার আলী স্টোর ও আল-আমীন ট্রেডার্সসহ পাঁচ প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। পরে একই আদালত রাজধানীর তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া এলাকার মমতাজ বেকারিতে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে রুটি, বিস্কুট ও কেক তৈরি এবং বাজারজাত করার অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি চাকমার নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। অপর একটি আদালত রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলে অভিযান চালান। সেখানে কিছুটা অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান আদালত। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস সংরক্ষণ করার অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে একই আদালত মতিঝিলের ‘শর্ষে ইলিশ’ হোটেলে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন দই তৈরির অভিযোগে আদালত ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে এই ভেজালবিরোধী অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের একজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। অপর একটি আদালত রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতায় আরা পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই সুপেয় পানি তৈরি ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এই অপরাধে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত একই এলাকার প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন চিপস উত্পাদন ও বাজারজাত করার প্রমাণ পান আদালত। এ ছাড়া চানাচুর ও লাচ্ছা সেমাইয়ের প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় আদালত ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।