বিকল্প সরকারব্যবস্থার জন্য আকবর আলির চার তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য দলীয় সরকারের বিকল্প ব্যবস্থা হিসেবে চারটি পদ্ধতি বা তত্ত্বের (ফর্মুলা) কথা বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। গত শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর এ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। ‘শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর: বাংলাদেশের সামনে বিকল্পগুলো’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএফএসডি)। আকবর আলি বলেন, তাঁর দেওয়া বিকল্প পদ্ধতির মাধ্যমে সংঘাতময় পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। চারটি পদ্ধতি হলো: প্রথমত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মতো নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়কব্যবস্থা গ্রহণ করা। তার আগে এ বিষয়ে রাষ্ট্রপতির মাধ্যমে উচ্চ আদালতের দেওয়া রায় সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, ১০ জন মন্ত্রীর সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। এতে সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে সদস্য থাকবেন। সরকারি দলের পাঁচজনের নাম মনোনয়ন দেবে বিরোধী দল, যেখানে একজন প্রধানমন্ত্রীর নামও থাকবে। একইভাবে বিরোধী দলের পাঁচ মন্ত্রীর নাম মনোনয়ন দেবে সরকারি দল। তৃতীয়ত, সরকার ও বিরোধী দল—উভয়েই ১০ জন করে মোট ২০ জন নির্দলীয় প্রতিনিধির তালিকা তৈরি করবে। জাতীয় সংসদ সেখান থেকে পাঁচজন করে মোট ১০ জন নির্বাচন করবে। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ঠিক করা হবে। আকবর আলি বলেন, এ পদ্ধতির মাধমে অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সৃষ্ট বিতর্ক এড়ানো সম্ভব। চতুর্থত, প্রথম তিনটি ফর্মুলায় উভয় পক্ষ একমত পোষণ না করলে চতুর্থ পদ্ধতিটি গ্রহণ করা যেতে পারে বলে আকবর আলি জানান। এতে বলা হয়েছে, বিরোধী দলের কাছ থেকে প্রস্তাব নিয়ে তার ওপর গণভোট গ্রহণ করা এবং গণভোটের সিদ্ধান্তের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। আকবর আলি বলেন, এটি কার্যকর করতে বিদ্যমান আইনে কিছু সংশোধনী আনতে হবে। প্রস্তাবিত চারটি পদ্ধতির যেটিই গ্রহণ করা হোক না কেন, তার মেয়াদ হবে তিন মাস। এ সময়ের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সিএফএসডির সভাপতি সাবেক রাষ্ট্রদূত এম আনোয়ার হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা ফজলে আকবর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বোরহানউদ্দিন খান।