বিকল্প হতে পারল না ভ্রাম্যমাণ শৌচাগার

ঢাকায় প্রতিদিন ৫৫ লাখ মানুষের গণশৌচাগার ব্যবহারের চাহিদা রয়েছে। সে হিসাবে শহরে গণশৌচাগারের তীব্র সংকট থাকায় ভ্রাম্যমাণ শৌচাগারগুলো হতে পারত ভালো বিকল্প। কিন্তু বর্তমানে ৩৪টি ভ্রাম্যমাণ শৌচাগার থাকলেও পরিচ্ছন্ন পরিবেশ ও সঠিক ব্যবস্থাপনার অভাবে সব শ্রেণির মানুষ এগুলো ব্যবহারে আগ্রহী হচ্ছে না। এ ছাড়া শৌচাগার বসানো ও পরিচালনার ক্ষেত্রে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগও তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
যেখানে গণশৌচাগার নেই বা গণশৌচাগার স্থাপন করার মতো প্রয়োজনীয় জায়গা বা অবকাঠামোগত সুবিধা নেই, অথচ পথচারী, ভাসমান মানুষের সমাগম অনেক বেশি, সেখানে স্বল্পপরিসরে ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপন করা যায়।
২০১১ সালে বেসরকারি সংস্থা নগর গবেষণা কেন্দ্র পরিচালিত এক গবেষণায় দেখা যায়, দুই সিটি করপোরেশনের ৬৯টি গণশৌচাগার থাকলেও তার মধ্যে ৪৭টি ব্যবহার উপযোগী রয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী, প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী নয়। এ ছাড়া শহরে আছে কয়েক লাখ ভাসমান মানুষ। যারা রাস্তার ধারে, পার্কে মলমূত্র ত্যাগ করে।
তবে সম্প্রতি দুই সিটি করপোরেশন এলাকায় বেশ কিছু উন্নত গণশৌচাগার স্থাপন করা হয়েছে। তবে পথচারী ও ভাসমান মানুষের তুলনায় তা যথেষ্ট নয়।
এই সংকট উত্তরণে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স (আরবান) ২০১১ সালের শেষের দিকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল টয়লেট বা ভ্রাম্যমাণ শৌচাগার বসানোর প্রকল্প হাতে নেয়। প্রকল্পে আর্থিক সহযোগিতা দেয় ওয়াটারএইড বাংলাদেশ। গত বছরের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সময়ের মধ্যে ঢাকার ১৯টি জায়গায় মোট ৩৪টি ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপন করা হয়েছে। এর বাইরে সংস্থার কার্যালয়ে আরও ১৮টি ভ্রাম্যমাণ শৌচাগার রাখা আছে। যেগুলো উন্মুক্ত পরিসরে আয়োজিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়।
আরবানের প্রকল্প সমন্বয়কারী মো. শহীদ উল্লাহ মজুমদার বলেন, একটি ভ্রাম্যমাণ শৌচাগার বসাতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। তারপরও যেখানেই এটা স্থাপনে উদ্যোগ নেওয়া হয় সেখানেই কোনো না কোনো পক্ষ থেকে বাধা আসে। দেখা যায়, চালু করার পরও নিয়মিত চাঁদাবাজি কিংবা নানা হয়রানির কারণে পরিচালনাকারী সেখানে টিকতে পারেন না।
শহীদ উল্লাহ মজুমদারের এই অভিযোগের সত্যতা মেলে কাঁটাবন মোড়ে দুটি শৌচাগার পরিচালনাকারী মো. হাসানের কথায়। গত পাঁচ বছর যাবৎ তিনি এই কাজের সঙ্গে যুক্ত। এর আগে তিনি বসতেন পান্থকুঞ্জ পার্ক এলাকায়। হাসান বলেন, ‘মাঝেমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হইলে পুলিশ টয়লেটগুলান লয়্যা যায়। তয় ভাড়া দিবার চায় না। একবার দিতে চাই নাই বইল্যা আমারে এক রাইত আটকায়া রাখসিল।’
কদম ফোয়ারা মোড়ের কাছে দুটি শৌচাগার চালাচ্ছেন আবদুর রাজ্জাক। মোড় থেকে শিক্ষা ভবনের দিকে যেতে বাঁ পাশের ফুটপাতের ওপর বেকায়দাভাবে বসানো শৌচাগার দুটি অনেক পথচারী ব্যবহার করেন। রাজ্জাক জানান, শৌচাগার চালানোর জন্য গুলিস্তানের এক ব্যক্তিকে দৈনিক ৫০ টাকা করে দিতে হয়। এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মচারী মাসে এক হাজার টাকা করে নেন।
রাজ্জাক ও সোহেল দুজনই জানান, এই চারটি শৌচাগার ব্যবহারকারীদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। তবে আগারগাঁও এলজিইডি কার্যালয়ের উত্তর কোণে বসানো দুটি শৌচাগার পরিচালনাকারীর অনুপস্থিতিতে চালান তাঁর বোন মাজেদা বেগম। তিনি জানান, মোটামুটি সব শ্রেণির মানুষই এই শৌচাগার দুটি ব্যবহার করেন। দেখা যায়, কদম ফোয়ারা ও কাঁটাবন মোড়ের শৌচাগারের তুলনায় এখানকার পরিবেশ বেশ পরিচ্ছন্ন। পর্যাপ্ত পানির ব্যবস্থাও আছে।
চাহিদা থাকলেও ভ্রাম্যমাণ শৌচাগারের সংখ্যা তেমন বাড়েনি কেন—জানতে চাইলে প্রকল্প সমন্বয়কারী শহীদ উল্লাহ মজুমদার বলেন, এগুলো পরিচালনার ক্ষেত্রে পানি-বিদ্যুতের সার্বক্ষণিক ব্যবস্থাসহ নিয়মিত বর্জ্য অপসারণের মতো কাজ রয়েছে। যে কারণে অনেকে এই কাজে আগ্রহী হন না। এ ছাড়া প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অর্থসংকট তৈরি হয়েছে। তিনি বলেন, ‘দাতা সংস্থা বলছে নিজেদের আয়ে চলতে। মাঠপর্যায়ে যে শৌচাগারগুলো আছে সেগুলো পরিচালনাকারীরাই চালান, রক্ষণাবেক্ষণ করেন। কিন্তু আমাদের কার্যালয়ে থাকা শৌচাগারগুলো থেকে যে আয় হয়, তার ৮০ শতাংশই চলে যায় রক্ষণাবেক্ষণে।’
এ অবস্থায় শৌচাগারের সংখ্যা বাড়ানো এবং এগুলো আরও ব্যবহার উপযোগী করে তোলার জন্য দুই সিটি করপোরেশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান শহীদ উল্লাহ মজুমদার। তিনি বলেন, ‘একটা মাঝারি মানের মোবাইল টয়লেট তৈরি করতে দুই লাখ টাকা দরকার। এগুলো তৈরি, পরিচালনা কিংবা ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে কোনো ব্যক্তি কিংবা সংগঠনের পক্ষে সম্ভব নয়। সিটি করপোরেশন এই কাজে যুক্ত হলে একধরনের গুণগত পরিবর্তন আসবে।
এ ছাড়া ভ্রাম্যমাণ শৌচাগার দরিদ্র, প্রতিবন্ধী ও বেকার মানুষের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন শহীদ উল্লাহ। তিনি জানান, আরবান চুক্তিভিত্তিক দুটি ভ্রাম্যমাণ শৌচাগার একজন পরিচালনাকারীকে বন্দোবস্ত দিয়ে থাকে। প্রতিদিন প্রতিটি শৌচাগারের জন্য ১০ টাকা হিসাবে মূল্য পরিশোধ করেন পরিচালনাকারীরা। এভাবে তিন বছর পর দুটি মোবাইল টয়লেটের মালিক হয়ে যান তিনি।
এমনই একজন মালিক কদম ফোয়ারা মোড়ের আবদুর রাজ্জাক জানান, মাসে দুটি শৌচাগার থেকে ২০ হাজার টাকার মতো আয় হয়। কাঁটাবনের হাসান জানান, তাঁর আয় ১৫ হাজার টাকার মতো।