বিকল্পভাবে নিষ্পত্তির সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধিত অর্থঋণ আদালত আইনের মতো দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে। চলতি অথবা আগামী অধিবেশনেই এ-সংক্রান্ত আইন সংশোধনের জন্য সংসদে উত্থাপন করা হবে। একই সঙ্গে মামলার সাক্ষী ও ভিকটিমদের সুরক্ষার জন্যও আইন হচ্ছে।গতকাল রোববার সচিবালয়ে এক সভা শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। সংশোধিত অর্থঋণ আদালত আইনের অধীনে দায়ের করা মামলার বিরোধ বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির বিধানের সফলতা ও প্রয়োগের ক্ষেত্রে সুবিধা ও অসুবিধা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় অর্থঋণ আদালতের বিচারক, আইনজীবী ও কয়েকটি ব্যাংকের প্রতিনিধি অংশ নেন। সভায় অনেকে বলেন, গত বছরের মার্চে পাস হওয়া সংশোধিত আইনের এই বিধান এখন পর্যন্ত কোনো সুফল দেয়নি। সুফল পাওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি, মধ্যস্থতাকারীদের পারিশ্রমিক নির্ধারণসহ বেশকিছু সুপারিশ করেন তাঁরা।আইনমন্ত্রী বলেন, সুফল পাওয়ার ক্ষেত্রে বাধাগুলো নিয়েই সভায় আলোচনা হয়েছে। যদি এই বিধানের সুষ্ঠু প্রয়োগ হয়, তবে যাঁরা মামলা করবেন এবং যাঁরা ঋণ নেবেন, তাঁরা উভয়েই উপকৃত হবেন। তিনি বলেন, ‘ফৌজদারি ও দেওয়ানি মামলার জট কমাতেও এ রকমভাবে বাধ্যতামূলক বিরোধ নিষ্পত্তির বিধান রাখার কাজ শুরু হয়েছে। আশা করছি, এ অধিবেশনেই এটা করা হবে। না হয় পরবর্তী অধিবেশনে উত্থাপন করা হবে।’সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘অর্থঋণ আদালতের মামলা বিকল্প উপায়ে নিষ্পত্তির জন্য মানসিকতার পরিবর্তন করতে হবে। যারা ঋণ নেয় ও দেয়, দুই পক্ষের মানসিকতা পরিবর্তন করতে হবে।’