নির্বাচনে রাজনৈতিক দলগুলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করার কথা বললেও ক্ষমতা ক্রমশ কেন্দ্রীভূত হচ্ছে। যে কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। গতকাল শনিবার গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন ২০১০-এ গৃহীত সুপারিশমালা তুলে ধরার লক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে কনভেনশন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বিষয়ে কনভেনশনে যে সুপারিশমালা গৃহীত হয়েছে, এর আলোকে একটি বিকেন্দ্রীকরণ নীতিমালা তৈরি করে তা সরকারের কাছে তুলে ধরা হবে। তিনি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বাজেটের একটি অংশ সরাসরি স্থানীয় প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, সাংসদদের উপদেষ্টা হওয়ার বিধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের দ্বান্দ্বিক অবস্থানের কারণে কার্যত উপজেলা পরিষদ অকার্যকর। তিনি স্থানীয় সরকারের সব স্তরে প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আখতার হোসেন, কনভেনশন জাতীয় কমিটির সদস্যসচিব মহসিন আলী, অঙ্গীকার বাংলাদেশের প্রধান নির্বাহী মুহম্মদ হিলালউদ্দিন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক রতন সরকার, গভর্ন্যান্স কোয়ালিশনের জাতীয় প্রকল্প সমন্বয়কারী আকমত আলী মিয়া প্রমুখ।