বিক্রেতারা বলছেন, কাটাসুর বাজারে আজ মাছের দাম কম
রাজধানীর কাটাসুর বাজারে অন্য দিনের তুলনায় বেশি মাছ আনলেও বিক্রি কম বলছেন বিক্রেতারা। তাঁদের দাবি, পবিত্র শবে বরাতে মাংসের চাহিদা বেশি থাকায় মাছ কম কিনছেন ক্রেতারা। প্রকারভেদে মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কম বলে জানান বিক্রেতারা।
এই বাজারের বিক্রেতা অনাথ রাজবংশী প্রথম আলোকে বলেন, শবে বরাত উপলক্ষে মাছ বেশি আনা হয়েছে। তবে সে অনুযায়ী বিক্রি কম। পাশের দোকানদার ইসমাইল জানান, অন্য দিন ১৫০ কেজির মতো মাছ আনেন তিনি। আজ এনেছেন ২০০ কেজি।
ইসমাইলের দোকানে চাষের কাতল ও কালবাউশ মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অন্য দিন যা ২৫০ টাকায় বিক্রি হতো। এই বাজারে সবচেয়ে কম দামের মাছ তেলাপিয়া ও পাঙাশ। ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব মাছ।
বেসরকারি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, সাধারণত শুক্রবার বেশি পরিমাণে মাছ কিনে রাখেন তিনি। পবিত্র শবে বরাত উপলক্ষে আলাদা করে মাছ কিনতে আসেননি। আজ সব মাছই পাওয়া যাচ্ছে। তবে বোয়াল মাছের দাম অন্য দিনের চেয়ে অনেক বেশি রাখছেন ক্রেতারা।
এই বাজারে মাঝারি আকারের কার্পজাতীয় মাছের কেজি ২৩০ টাকা, ছোট কার্প মাছ ২০০, জ্যান্ত রুই ২৮০, কাচকি ৩৬০, গুঁড়া চিংড়ি ৪০০, চাষের কই ২২০, শোল ৪০০, আকারভেদে শিং মাছ ৩০০ থেকে ৪০০, আধা কেজি ওজনের ইলিশ ৫০০, রুপচাঁদা ৪০০ ও বোয়াল মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাটাসুর বাজারে সাত থেকে আটজনে মাছ কেটে দেওয়ার কাজ করেন। তাঁদেরই একজন নূর হোসেন। সকাল ১০টার দিকে প্রথম আলোকে তিনি বলেন, শবে বরাত উপলক্ষে ক্রেতাদের যেমন ভিড় হওয়ার কথা ছিল, তেমন হয়নি।