সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটি।গতকাল মঙ্গলবার ডিআরইউর নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ দাবি করেন নেতারা। সভার শুরুতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি, দীনেশ দাস ও বিভাষ সাহাসহ প্রয়াত সাংবাদিক ও মহান স্বাধীনতা, ভাষা ও গণতান্ত্রিক আন্দোলনে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সব সাংবাদিক হত্যার বিচারসহ মুক্ত সাংবাদিকতার দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক নেতারা। গতকাল নবনির্বাচিত নতুন সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান দায়িত্ব গ্রহণ করেন। ডিআরইউর বিদায়ী কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নতুন ও বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।