বিচার পাওয়া নিয়ে শঙ্কায় মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কলেজছাত্রীর মৃত্যু, দুটি তদন্ত কমিটি গঠন, তদন্তে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট চিকিৎসকদের সাময়িক বহিষ্কারও করা হয়। কিন্তু সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটি শেষ করে দিতে চায় পুলিশ। এ অবস্থায় বিচার নিয়ে শঙ্কায় পড়েছেন নিহত ছাত্রীর মা সুফিয়া সরকার।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে মামলাটি পুনঃ তদন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছেন সুফিয়া সরকার। মামলার বাদী সুফিয়া সরকার অভিযোগ করেন, মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপসরফার জন্য তাঁকে ২৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।   ২০১৫ সালের ৩ জুন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ খানের কাছে কলেজছাত্রী শারমিন সরকারকে নিয়ে যান তাঁর মা-বাবা। চিকিৎসকের পরামর্শে পরদিন ওই হাসপাতালে শারমিন ভর্তি হন। সেখানে গলায় অপারেশন করার পর তিনি মারা যান। এ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, শারমিনের মৃত্যুর জন্য কর্তব্যরত চার চিকিৎসকের অবহেলা দায়ী। এ ঘটনায় থানায় মামলা করেন শারমিনের মা।

পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, নিহত শারমিন সরকার চিকিৎসকের অবহেলায় মৃত্যুর শিকার হয়েছেন। এ বিষয়ে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে।