বিচার বিভাগকে প্রকৃত অর্থে স্বাধীন করতে হলে অর্থনৈতিক স্বাধীনতাও দিতে হবে। বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত টাকা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে না দিয়ে সরাসরি বিচার বিভাগকে দেওয়া উচিত।গতকাল শনিবার জাতীয় বাজেটে আইন ও বিচার বিভাগের বরাদ্দ বিষয়ে আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (বিলিয়া) নিজস্ব মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু তাদের টাকা দিচ্ছে মন্ত্রণালয়। এটি হয় না।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালত সংগ্রাম করছেন। আর আমাদের দেশে গণতন্ত্র রক্ষার চেয়ে ধ্বংসের জন্য বেশ কয়েকজন বিচারপতি ভূমিকা রেখেছেন। সব সামরিক শাসনামলে তাদের ভূমিকা দেখা গেছে।বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নতুন অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, তা যথেষ্ট। অর্থের অভাবে কোনো কিছু আটকে থাকবে না। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এ বছর ১২ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও অর্থ পাওয়া যাবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, গরিবেরা যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, পাশাপাশি দেখতে হবে বরাদ্দ বাড়ানোর ফল কী হচ্ছে, বিচারকাজে গুণগত পরিবর্তন হচ্ছে কি না।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিলিয়ার অনারারি ডিরেক্টর ড. শাহদীন মালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. তুরিন আফরোজ। মূল প্রবন্ধে বলা হয়, আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ালে ন্যায়বিচার প্রতিষ্ঠা ত্বরান্বিত হবে। কিন্তু আইন মন্ত্রণালয় গত ১০ বছরে শুধু ২০০৪-০৫ অর্থবছর ছাড়া অন্য কোনো অর্থবছরে উন্নয়ন, অনুন্নয়ন খাতে দেওয়া বরাদ্দ পুরোপুরি ব্যবহার করতে পারেনি।